গেল বছরে চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনীত তিনটি সিনেমা মুক্তি পেলেও আশানুরূপ সাড়া মেলেনি। চলতি মাসে ভালোবাসা দিবসকে ঘিরে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘বুবুজান’। নারী নির্যাতনের প্রেক্ষাপটের গল্প নিয়ে নির্মিত এ সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি।
জানা গেছে, আগামী ১৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। তবে মাহি গতকাল পর্যন্ত রাজনীতির মাঠেই ব্যস্ত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে নৌকার জন্য ভোট চেয়ে জনসংযোগ করেছেন তিনি। শিগগিরই অংশ নেবেন সিনেমার প্রচারণায়।
মাহিয়া মাহি বলেন, ‘বুবুজান’ গল্পপ্রধান সিনেমা। এই ধরণের গল্পে আগে অভিনয় করিনি। গল্পে সুন্দর একটা ম্যাসেজ আছে। আমি বিশ্বাস করি সিনেমাটি দেখার পর সবাই সুন্দর একটি ম্যাসেজ নিয়ে বাসায় ফিরবেন।
তিনি এর আগে জানিয়েছিলেন, ১ ফেব্রুয়ারি পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবো। এরপর সিনেমার প্রচারণা নিয়ে নির্মাতার সঙ্গে কথা বলে তাদের সঙ্গে যোগ দেব।
ভালোবাসা দিবস আসছে মাহিয়া মাহি ও শান্ত খান অভিনীত সিনেমা 'বুবুজান'। শামীম আহমেদ রনি পরিচালিত সিনেমাটি নারী নির্যাতনের প্রেক্ষাপটের গল্প নিয়ে নির্মিত হয়েছে।
শাপলা মিডিয়া প্রযোজিত এ সিনেমায় মাহিয়া মাহি অভিনয় করেছেন বড় বোনের চরিত্রে। এখানে আরও অভিনয় করেছেন শান্ত খান, নিশাত নাওয়ার সালওয়া প্রমুখ।
