বেসরকারি হজ প্যাকেজ

সরকারির চেয়ে কম আগের চেয়ে দেড় লাখ বেশি

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৫১ এএম

বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য কোরবানি ছাড়া প্যাকেজ মূল্য ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা নির্ধারণ করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। ৬ ফেব্রুয়ারি থেকে বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধন শুরু হবে। গতকাল বৃহস্পতিবার পল্টনের ভিক্টোরিয়া হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হাব সভাপতি এম শাহাদাত হোসেন।

গত বছরের তুলনায় এ বছর প্রায় দেড় লাখ টাকা বেশি খরচ বাড়ল। গত বছর কোরবানি ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় হজের প্যাকেজ মূল্য ছিল ৫ লাখ ২৫ হাজার ৭৫০ টাকা।

হাব সভাপতি বলেন, সর্বনিম্ন এ প্যাকেজ মূল্যে অধিক খরচের মধ্যে রয়েছে বিমান ভাড়া ১ লাখ ৯৭ হাজার ৭৯৭, মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া বাবদ ২ লাখ ৪ হাজার ৪৪৫ আর সার্ভিস চার্জ ১ লাখ ৬০ হাজার ৬৩০ টাকা।

বেসরকারি ব্যবস্থাপনায় প্রত্যেক হজযাত্রীকে হজ প্যাকেজের সব টাকা ১৫ মার্চের মধ্যে সংশ্লিষ্ট এজেন্সির অ্যাকাউন্টে বা নগদ দিলে পাকা মানি রিসিট নিয়ে পরিশোধের আহ্বান জানান তিনি।

হাব সভাপতি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনস যে ভাড়া নির্ধারণ করেছে, তা আরও কমানোর দাবি জানিয়েছে হাব। তিনি বলেন, কোনো শিডিউল ফ্লাইটে নয়, এয়ারলাইনসগুলো ডেডিকেটেড ফ্লাইট ভাড়া নেওয়ায় সেভাবেই পরিচালনা না করলে ডেডিকেটেড ইমিগ্রেশন না হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, এবার কোনো বয়সের সীমা নেই হজযাত্রীদের জন্য। আলাদা করে হজযাত্রীদের যাওয়ার সময় কোরবানির অর্থ নিতে হবে। বর্তমানে হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে এসেছে। এ অবস্থা অব্যাহত রাখতে কাজ চলছে বলে জানান তিনি।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার প্যাকেজ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বুধবার দুপুরে ধর্ম মন্ত্রণালয়ে প্যাকেজ প্রস্তুত ও সিদ্ধান্ত নেওয়ার জন্য হজ ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।

তিনি বলেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। মিনায় তাঁবুর ফি ক্যাটাগরির মূল্য অনুসারে সরকারি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। মিনার তাঁবুতে অবস্থানসংক্রান্ত ক্যাটাগরির ভিত্তিতে বেসরকারি এজেন্সিগুলো সরকারি প্যাকেজের সঙ্গে সামঞ্জস্য রেখে হজ প্যাকেজ ঘোষণা করবে। তাঁবুতে অবস্থান ও অন্যান্য সুবিধা সরকারি প্যাকেজের মতো নিশ্চিত করতে হবে।

তিনি জানান, গত ৯ জানুয়ারি সৌদি সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে দ্বিপক্ষীয় হজ চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত