জমি নিয়ে বিরোধ

বাবা-ছেলে খুন, গ্রেপ্তার ৪

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩১ পিএম

ময়মনসিংহ সদরের চুরখাই এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে বাবা আবুল খায়ের এবং ছেলে ফরহাদ হোসেন খুনের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে মূলহোতা কামাল, তার স্ত্রী-সন্তানসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেল থেকে গাজীপুর এবং সাভার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে র‍্যাব হেফাজতে নেওয়া হয়। এ ব্যাপারে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে সংবাদমাধ্যমকে জানান র‌্যাব-১৪ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মহিবুল হাসান খান।

র‍্যাব বলছে, বুধবার বিকেলে নিজ জমিতে আবুল খায়ের চাষ করার সময় প্রতিবেশী কামাল হোসেনের সাথে জমির পরিমাপ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কামাল হোসেন তার সঙ্গীদের নিয়ে ধারালো দা, চাকু, বাঁশের লাঠি ও লোহার রড নিয়ে আবুল খায়েরকে আঘাত করে। আবুল খায়েরের চিৎকারে তার ছোট ছেলে ফরহাদসহ অন্যান্যরা বাঁচানোর জন্য এগিয়ে আসলে তাদেরও এলোপাতাড়ি মেরে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় আবুল খায়েরসহ আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বাবা-ছেলেকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আবুল খায়েরের অপর ছেলে রিফাত হোসেনসহ আরও দুইজন গুরুতর আহত হয়। আহতদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়। তার প্রেক্ষিতে র‍্যাব তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মো. কামাল হোসেন (৫২) ও তার স্ত্রী জাহানারাকে (৪০) সাভারের বাইপাইল থেকে এবং কামালের জামাতা নাঈম (১৯) ও কামাল হোসেনের ১৫ বছরের ছেলে রিয়াদকে জয়দেবপুর থেকে আটক করে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওই র‍্যাব কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত