বিশ্বে গণতন্ত্রের সূচকে এগিয়েছে বাংলাদেশ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০২:১২ এএম

বিশ্বে গণতন্ত্র সূচকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। আর বিশ্বে ৭৩তম। যা গত সূচকে ছিল ৭৫তম। বাংলাদেশের স্কোর ৫ দশমিক ৯৯। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ৭ দশমিক ০৪ স্কোর নিয়ে সবার ওপরে আছে ভারত। দ্বিতীয় অবস্থানে শ্রীলঙ্কা। দেশটির স্কোর ৬ দশমিক ৪৭। চতুর্থ ভুটান, পঞ্চমে নেপাল ও ষষ্ঠ অবস্থানে আছে পাকিস্তান। ২০২২ সালে বিশ্বে গণতন্ত্রের অবস্থার খুব বেশি পরিবর্তন না এলেও বাংলাদেশের অবস্থান এগিয়েছে দুই ধাপ।

যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) বৃহস্পতিবার ‘গণতন্ত্র সূচক ২০২২’ প্রকাশ করেছে। ১৬৭টি দেশ ও অঞ্চল নিয়ে এই সূচক তৈরি করা হয়েছে। ২০২১ ও ২০২০ সালে একই স্কোর নিয়ে বাংলাদেশ বিশ্বে যথাক্রমে ৭৫ ও ৭৬তম অবস্থানে ছিল।

২০২২ সালের সূচকে বিশ্বে শীর্ষে আছে নরওয়ে। দেশটির স্কোর ৯ দশমিক ৮১। দ্বিতীয় অবস্থানে ৯ দশমিক ৬১ স্কোর নিয়ে আছে নিউজিল্যান্ড, ৯ দশমিক ৫২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আইসল্যান্ড। সুইডেন ও ফিনল্যান্ড যথাক্রমে ৯ দশমিক ৩৯ এবং ৯ দশমিক ২৯ স্কোর নিয়ে চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছে।

এবার পাঁচটি বিষয়ের ওপর ভিত্তি করে দেশগুলোর গণতন্ত্রের সূচক মূল্যায়ন করা হয়েছে। সেগুলো হলোÑ নির্বাচনী প্রক্রিয়া ও বহুত্ববাদ, সরকারের কার্যকারিতা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি ও নাগরিক স্বাধীনতা। সূচকে দেশ ও অঞ্চলগুলোকে চার ভাগে বিভক্ত করা হয়েছে। পূর্ণ গণতন্ত্র, ত্রুটিপূর্ণ গণতন্ত্র, হাইব্রিড শাসনব্যবস্থা ও কর্র্তৃত্ববাদী শাসনব্যবস্থা।

২০২২ সালে ১৬৭টি দেশের মধ্যে বাংলাদেশকে রাখা হয়েছে ৭৩ নম্বরে। ২০২১ সালে এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৬৭টি দেশের মধ্যে ৭৫ নম্বরে। ২০২০ সালে এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৬৫টি দেশের মধ্যে ৭৬ নম্বরে। আর ২০১৯ সালে বাংলাদেশের স্কোর ছিল ৫ দশমিক ৮৮; অবস্থান ছিল ৮০ নম্বরে।

এবারের সূচকে পূর্ণ গণতন্ত্র বিভাগে রয়েছে ২৪টি দেশ। ত্রুটিপূর্ণ গণতন্ত্র বিভাগে ৪৮টি, হাইব্রিড শাসনব্যবস্থা বিভাগে ৩৬টি এবং কর্র্তৃত্ববাদী শাসনব্যবস্থা বিভাগে ৫৯টি দেশ অবস্থান করছে। বাংলাদেশকে হাইব্রিড শাসনব্যবস্থা বিভাগে রাখা হয়েছে।

ইআইইউর সব সূচক মিলিয়ে কোনো দেশের গড় স্কোর ৮-এর বেশি হলে সেই দেশে ‘পূর্ণ গণতন্ত্র’ রয়েছে বলে বিবেচনা করা হয়েছে প্রতিবেদনে। স্কোর ৬ থেকে ৮-এর মধ্যে হলে সেখানে ‘ত্রুটিপূর্ণ গণতন্ত্র’, ৪ থেকে ৬-এর মধ্যে হলে ‘মিশ্র শাসন’ এবং ৪-এর নিচে হলে সে দেশে ‘স্বৈরশাসন’ চলছে বলে ধরা হয়।

এই সূচকে বাংলাদেশের প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের অবস্থান এবার যথাক্রমে ৪৬ ও ৬০। ভারতের সঙ্গে শ্রীলঙ্কাও রয়েছে ত্রুটিপূর্ণ গণতন্ত্রের শ্রেণিতে। বাংলাদেশের সঙ্গে একই শ্রেণিতে রয়েছে নেপাল (১০১) ও পাকিস্তান (১০৭)।

চলতি সূচকে শূন্য দশমিক ৩২ স্কোর সবার নিচে অবস্থান করছে আফগানিস্তান। শূন্য দশমিক ৭৪ স্কোর নিয়ে ১৬৬তম অবস্থানে মিয়ানমার এবং ১ দশমিক ০৮ স্কোর নিয়ে ১৬৫তম অবস্থানে আছে উত্তর কোরিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত