রাজশাহীতে একটি খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিকের বাসায় দুই নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মহানগরীর বিসিক শিল্প এলাকার মডার্ন ফুড কোম্পানির মালিকের বাসায় বৃহস্পতিবার বিকেলে ঘটে এ ঘটনা। খবর পেয়ে ওই দিনই রাত সাড়ে ৯টার দিকে আরএমপির বোয়ালিয়া মডেল থানা পুলিশ নির্যাতনে গুরুতর আহত দুই শ্রমিককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎকরা একজনকে মৃত ঘোষণা করেন। অপরজনকে হাসপাতালে ভর্তি করা হলেও কয়েক মিনিট পরে তিনিও মারা যান।
বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার সঙ্গে জড়িত কারখানার মালিকসহ চারজনকে আটক করেছে পুলিশ। নিহত শ্রমিকদের একজন রেজাউল ইসলাম (৪৫)। তিনি নওগাঁর মান্দা থানার সুগনিয়া গ্রামের বলে প্রাথমিকভাবে জানা গেছে। অপরজনের পরিচয় জানা যায়নি।
জানা গেছে, সপুরার মডার্ন ফুডের মালিক আব্দুল মালেক হাজির ছেলে মোহাম্মদ আব্দুল্লাহর কারখানাসংলগ্ন বাসায় রাজমিস্ত্রির কাজ করছিলেন দুই শ্রমিক। বৃহস্পতিবার দুপুরে ১০ লাখ টাকা চুরির অভিযোগে ওই দুই শ্রমিককে খুঁটির সঙ্গে বেঁধে লোহার রড ও লাঠি দিয়ে বেদম মারধর করা হয়। চুরির স্বীকারোক্তি আদায়ে রাত সোয়া ৯টা পর্যন্ত তাদের ওপর নির্যাতন চলে। মোবাইল ফোনে নির্যাতনের ভিডিও ধারণ করা হয়। এ ধরনের দুটি ভিডিও পুলিশ উদ্ধার করেছে।
এদিকে গোপন তথ্যের ভিত্তিতে আরএমপির বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম রাত সাড়ে ৯টার দিকে কারখানাসংলগ্ন মালিকের বাসায় অভিযান চালান। এ সময় দুই শ্রমিককে মুমূর্ষু অবস্থায় দেখতে পেয়ে পুলিশ পিকআপে তুলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেন।
অন্যদিকে দুই শ্রমিককে উদ্ধারের সময় কারখানার মালিকের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহর শ^শুর মাসুম রেজা, শ্যালক মহিউদ্দিন রিয়াল ও ম্যানেজার এমরান হোসেনকে আটক করেছে পুলিশ। তাদের বোয়ালিয়া থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
