খুলনায় একই দিনে আ.লীগ বিএনপির সমাবেশ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৪১ এএম

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার খুলনায় বিভাগীয় সমাবেশ করবে বিরোধী দল বিএনপি। দলটি শহীদ হাদিস পার্কসংলগ্ন কেসিসি মার্কেটের সামনে সমাবেশ করবে। এর আগে বিএনপি নেতারা সমাবেশের জন্য সোনালী ব্যাংক চত্বর ও শহীদ হাদিস পার্ক এই দুটি স্থানের যেকোনো একটি বরাদ্দ চেয়েছিলেন। কিন্তু তাদের কেসিসি মার্কেটের সামনে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে একই দিনে শান্তি সমাবেশ করবে মহানগর আওয়ামী লীগ। দুপুর ২টায় নগরীর শিববাড়ী মোড়ে এই সমাবেশ করার কথা রয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দলের বিশেষ বর্ধিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে বিএনপির সমাবেশ সামনে রেখে পুলিশ দলটির নেতাকর্মীদের হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে নগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা দেশ রূপান্তরকে বলেন, ‘পুলিশ আমাদের সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি ও হয়রানি করছে। অন্যদিকে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ আহ্বান করেছে। বিএনপি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে। তাই খুলনায় শান্তিপূর্ণ সমাবেশ করা হবে। সমাবেশে খুলনা বিভাগের বিএনপি এবং এর সহযোগী ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন। ইতিমধ্যে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি সংবলিত লিফলেট, হ্যান্ডবিল বিতরণ করা হয়েছে।’

এই বিএনপি নেতা জানান, অনুমতি পাওয়ার পর গতকাল জুমার নামাজের পর থেকে মাইক টানানো শুরু হয়েছে। রাতের মধ্যে নির্মিত হবে মঞ্চ।

বিএনপি নেতারা জানান, কেসিসি মার্কেট ও জেলা পরিষদের সামনের সড়কে নির্মিত হবে সমাবেশ মঞ্চ। মঞ্চ হবে থানার মোড় অভিমুখী। খুলনা মহানগর ও জেলাসহ বিভাগের অন্য সব জেলা থেকে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেবেন।

খুলনা বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি থাকবেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও নিতাই রায় চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিভাগীয় সাংগঠনিক (ভারপ্রাপ্ত) সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, সহতথ্য সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সহধর্ম সম্পাদক অমলেন্দু দাস অপু প্রমুখ।

এ ছাড়াও বিভাগের ১০ জেলা বিএনপির শীর্ষ নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা।

আ. লীগের ‘শান্তি সমাবেশ: আজ বিএনপির সমাবেশের কাছাকাছি সময়ে ‘শান্তি সমাবেশ’ করবে মহানগর আওয়ামী লীগ। বিকেল ৩টায় নগরীর শিববাড়ী মোড়ে এই সমাবেশ করার কথা রয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দলের বিশেষ বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগের মহানগর সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে সভা পরিচালনা করেন মহানগর সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।

সভায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ‘আওয়ামী লীগের শান্তি সমাবেশকে জনসভায় পরিণত করে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিতে হবে। খুলনায় শান্তি সমাবেশের কথা শুনে বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। সমাবেশকে কেন্দ্র করে তারা নানাবিধ ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করেছে। তাদের এ ষড়যন্ত্রকে সফল হতে দেওয়া যাবে না। সেজন্যে সব ভেদাভেদ ভুলে গিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’

মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ গতকাল দেশ রূপান্তরকে বলেন, শান্তি সমাবেশের জন্য প্রস্তুতি চলছে। ইতিমধ্যে নেতাকর্মীরা কাজ শুরু করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত