এভারটনে হোঁচট আর্সেনালের

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০১ পিএম

বলের দখলটা সারাক্ষণ নিজেদের পায়েই রেখেছিল আর্সেনাল। তবে ফিনিশিংয়ে তারা ব্যর্থ হয়েছে বারবার। তাতে ম্যাচটাও ফসকে গেছে হাত থেকে। এভারটনের বিপক্ষে হোঁচট খেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটি। গোডিসন পার্কে স্বাগতিকদের বিপক্ষে ১-০ গোলে পরাজিত হয়েছে তালিকার শীর্ষে থাকা আর্সেনাল।

ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের ঘরের মাঠে শুরু থেকেই বল ছিল আর্সেনালের দখলে। কিন্তু গোলের দেখা পায়নি তারা। ফলে গোলশূন্য ব্যবধানেই বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরেও গোলের সুযোগ সৃষ্টি হয়েছিল। কিন্তু সফল হয়নি আর্সেনাল। উল্টো ম্যাচের ৬০ মিনিটে গোল হজম করে বসে তারা। ডোয়াইট ম্যাকনিলের বাড়িয়ে দেওয়া শটে আর্সেনালের জালে বল জড়ান জেমস তারোকসকি। হা করে তাকিয়ে দেখছিলেন আর্সেনাল গোলরক্ষক অ্যারন রেমসডেইল। যেন তার কিছুই করার নেই।

সেই গোলের পর আক্রমণ আর পালটা আক্রমণ হয়েছে। তবে কোনো দলই আর গোলের দেখা পায়নি। সমতায় ফেরার জন্য মরিয়া ছিল আর্সেনালও। কিন্তু এভারটন তা প্রতিহত করেছে। তাতে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

পুরো ম্যাচের ৭১ শতাংশ সময় আর্সেনাল বল নিজেদের দখলে রেখেছিল। বাকি ২৯ শতাংশ সময় ছিল এভারটনের পায়ে। তারা ১২টি শট নিলেও আর্সেনাল নেয় ১৫টি। তবে লক্ষ্য বরাবর শট বেশি ছিল এভারটনের। তাদের চারটির বিপরীতে দ্য গানার্সদের ছিল তিনটি।

এই ম্যাচ হারলেও ইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষেই রয়েছে ইংলিশ এই ক্লাবটি। ২০ ম্যাচে ১৬ জয়ে তাদের পয়েন্ট সংখ্যা ৫০। দুই ড্রয়ের সঙ্গে আছে দুই হার। অন্যদিকে শীর্ষ দলকে হারালেও এভারটনের অবস্থান তালিকার ১৭ নম্বরে। ২১ ম্যাচ খেলা দলটির এটি ছিল লিগের চতুর্থ জয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত