ইউএস চেম্বার অব কমার্সের ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (ইউএসবিবিসি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এক্সিলারেট এনার্জির প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন কোবোস। গত ৩১ জানুয়ারি ইউএসবিবিসি তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়।
ইউএস চেম্বার অব কমার্সে ইউএসবিবিসি হচ্ছে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে মার্কিন ব্যবসায়ীদের নীতিকে অগ্রাধিকার দেওয়ার একটি ব্যবসায়িক অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম। এটি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে এবং নীতি-পরামর্শ প্রদান করে।
কোবোস ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বোর্ডে শুরু থেকেই কাজ করছেন এবং ইউএস-বাংলাদেশ এনার্জি টাস্ক ফোর্সের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কোবোস এমন একসময়ে বোর্ডের দায়িত্ব গ্রহণ করেছেন, যখন বৈশ্বিক অর্থনীতিতে বাংলাদেশ আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং ইউএসবিবিসি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ ‘কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর’ উদযাপন করছে। বিজ্ঞপ্তি
