সন্তানদের দেখতে ঢাকায় আসা নারীকে দল বেঁধে ধর্ষণ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:১৮ এএম

রাজধানী ঢাকায় সাবেক স্বামীর কাছে থাকা সন্তানদের দেখতে এসে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন এক নারী। এ ঘটনায় তিনি গত ২৭ জানুয়ারি মামলা করলেও বিষয়টি গতকাল শনিবার জানাজানি হয়।

মামলায় অজ্ঞাতপরিচয় পাঁচজনকে আসামি করা হয়। এতে বলা হয়, গত ২৫ জানুয়ারি ধর্ষণের ওই ঘটনা ঘটে। 

এজাহারে ওই নারী উল্লেখ করেন, সম্প্রতি স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। পরে তিনি গ্রামের বাড়ি যশোরে চলে যান। তার সাবেক স্বামী সন্তানদের নিয়ে রাজধানীতে থাকতেন। তিনি (নারী) গত ২৫ জানুয়ারি সন্তানদের দেখতে ঢাকায় আসেন। কিন্তু এসে দেখেন, তার সাবেক স্বামী বাসা ছেড়ে দিয়েছেন। সন্তানদের না পেয়ে রাত ৯টার দিকে তিনি গাবতলী বাসস্ট্যান্ডে যাওয়ার জন্য একটি অটোরিকশায় ওঠেন। অটোরিকশাচালকের সঙ্গে কথায় কথায় তিনি সন্তানদের কথা বলেন। অটোরিকশাচালক তাকে সন্তানদের খুঁজতে সহায়তা করার আশ্বাস দিয়ে কয়েক ঘণ্টা বিভিন্ন জায়গায় ঘোরাতে থাকেন। অটোরিকশাচালক তাকে নিয়ে ঘোরানোর সময় মোবাইল ফোনে কথা বলতে থাকেন। কিছুক্ষণ পর ওই অটোরিকশায় জোর করে দুই ব্যক্তি উঠে পড়ে। নেমে যেতে বলা হলেও তারা নামেনি। একপর্যায়ে অটোরিকশাটি নির্জন একাটি জায়গায় গিয়ে থামে। তখন প্রায় মধ্যরাত। সেখানে দুজন আগে থেকেই অবস্থান করছিল। পরে একটি অস্থায়ী টিনের ঘরে নিয়ে অটোরিকশাচালকসহ চারজন তাকে ধর্ষণ করে। অন্য একজন পাহারায় ছিল। ওই নারীর চিৎকারে আশপাশের লোক জড়ো হলে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়।

পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে সজল একটি গণমাধ্যমকে বলেন, ‘ঘটনার পর স্থানীয় লোকজন থানায় খবর দিলে ওই নারীকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। এখন তাকে পরিবারের জিম্মায় ছাড়া হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত