মেলায় দেব জ্যোতি ভক্ত’র প্রথম উপন্যাস

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:২৯ এএম

দীর্ঘদিন লেখালেখি ও সৃজনশীল নির্মাণের সঙ্গে জড়িত দেব  জ্যোতি ভক্ত। প্রথম কবিতার বই ‘মানুষের মতো একা’ প্রকাশের পর তার মুক্ত রসগল্পের বই ‘পাশের বাসার ভাবী’ আলোড়ন তুলেছিল। এবার বইমেলায় কিংবদন্তি প্রকাশ করছে তার প্রথম উপন্যাস ‘মুগ্ধতার মৃত্যু হলে মানুষ মেঘ হয়ে যায়’।

কবিতা লিখছেন, জনপ্রিয় ফেইসবুক পোস্ট লিখছেন, উপন্যাস কেন লিখলেন? প্রশ্নের জবাবে দেব জ্যোতি ভক্ত বললেন, আমি দীর্ঘদিন ঢাকার বাইরে থাকিÑ কক্সবাজারে, বলতে পারেন, একাকিত্ব কাটাতে উপন্যাস লিখে ফেলেছি।

উপন্যাসটি লিখেছেন একটি ত্রিভুজ প্রেমের ঘটনাকে কেন্দ্র করে। বাবুল ও আনিস বন্ধু, বাবুলের সঙ্গে ছিল কাশফিয়ার প্রেম, আর ঘটনাচক্রে বিয়ে হয়েছে আনিসের সঙ্গে। নিকটসম্পর্কের তিনজন মানুষের জীবনে ঘটমান সাধারণ ঘটনাগুলো যখন আর সাধারণ থাকে না, তখন যেমন অনুভব কাজ করে সেখান থেকে এই উপন্যাসের অনুপ্রেরণা নিয়েছেন দেব জ্যোতি ভক্ত। কাশফিয়া, আনিস আর বাবুল নামে তিনজন মানুষের বয়ানে একটিই ঘটনা তিনরকম মাত্রা নিয়ে হাজির হয়েছে ‘মুগ্ধতার মৃত্যু হলে মানুষ মেঘ হয়ে যায়’তে। উপন্যাসে যৌনতা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আছে, তবে প্রচ্ছন্ন, শৈল্পিক যৌনতা।

উপন্যাসটি লিখে নিজে প্রবল আনন্দ পেয়েছেন দেব জ্যোতি ভক্ত। মনে করেন, পাঠক আনন্দের সঙ্গে পাঠ করলেই পরিশ্রম হবে সার্থক। ১১২ পৃষ্ঠার বইটির দাম ৪০০ টাকা, পাওয়া যাবে বইমেলায় কিংবদন্তির ৩৭৪-৩৭৫ নম্বর স্টলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত