বিশ্বব্যাপী শনিবার পালিত হয়েছে ক্যানসার দিবস। মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি ও ক্যানসারে আক্রান্ত ব্যক্তিদের সহায়তায় সবাইকে উৎসাহিত করা ছিল এবারের মূল প্রতিপাদ্য। এদিন যেন নিজের অনুপ্রেরণা হতে চেয়েছিলেন সেবাস্তিয়েন হলার। ক্যানসারজয়ী এ স্ট্রাইকার জার্মান বুন্দেসলিগায় বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে নিজের প্রথম গোলটা করেছেন বিশেষ এই দিবসেই!
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতিবছর ৮২ লাখের বেশি মানুষ ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। সেই তালিকায় উঠে যেতে পারত হলারের নামও। গত বছর গ্রীষ্মকালীন দলবদলে আয়াক্স থেকে ডর্টমুন্ডে নাম লেখান আইভরি কোস্টের এ স্ট্রাইকার। তবে খেলতে নামার আগেই পান অণ্ডকোষের ক্যানসারে আক্রান্ত হওয়ার দুঃসংবাদ। তিনি অবশ্য হার মানেননি। অস্ত্রোপচার করে টিউমার অপসারণের পর নভেম্বরে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। কাল মাঠে নেমে করেছেন গোলও।
২৮ বছর বয়সী হলারের বিশেষ দিনটি আরও রাঙিয়ে তুলেছেন ডর্টুমন্ড সতীর্থরা। ফ্রেইবুর্গের বিপক্ষে কাল ওই গোলের পর উদ্যাপনের মধ্যমণি হয়ে ওঠেন ‘মৃত্যুঞ্জয়ী’ ফরোয়ার্ড। এ সময় ডর্টমুন্ডের মাঠ সিগনাল ইদুনা পার্কে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ডর্টমুন্ডও জিতেছে ৫-১ গোলে।
ম্যাচ জয় শেষে হলার বলেছেন, বলেন, ‘এটা আমাকে আশা দেখিয়েছে, সাহস জুগিয়েছে। সামনের দিনগুলো আরও ভালো হতে চলেছে।’
দুর্দান্ত এ জয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে হলারের দল। লিগ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের সমান ৩৭ পয়েন্ট তাদের। তবে গোল পার্থক্যে এগিয়ে থাকায় দুইয়ে আছে বায়ার্ন। মৌসুমের শুরু থেকে চমক দেখিয়ে চলা ইউনিয়ন বার্লিন ৩৯ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।
