টাইটানিক নায়িকার বদলে কারিনা!

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫১ পিএম

আসছে কারিনা কাপুরের নতুন ছবি ‘বাকিংহাম মার্ডারস’। পরিচালনায় ‘ফারাজ’ পরিচালক হানসাল মেহতা। ইংলিশ ওয়েব সিরিজ ‘মেয়ার অব ইস্টটাউন’-এ কেট উইন্সলেট অভিনীত গোয়েন্দা শিহান চরিত্রের অনুপ্রেরণায় তৈরি হয়েছে ছবিটি। ইংল্যান্ডের বাকিংহামশায়ারের ছোট্ট এক শহরে একটি খুনের কিনারা করতে দেখা যাবে কারিনা কাপুরকে। ভারতের বিনোদনভিত্তিক ম্যাগাজিন ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে কারিনা জানান, বালাজি টেলিফিল্মস তাকে প্রযোজক হিসেবেও এই ছবির সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছিল। চিত্রনাট্য পড়ে দারুণ লাগে ‘ওমকারা’ অভিনেত্রীর। অভিনয়ের পাশাপাশি প্রথমবার ছবিটির প্রযোজনায়ও যুক্ত হলেন। এই ছবির ৮০ শতাংশ সংলাপই ইংরেজি ভাষায়, বাকিটা হিন্দিতে। সাক্ষাৎকারে কারিনা আরও বলেন ‘মেয়ার অব ইস্টটাউন’ আমার ভীষণ প্রিয় একটা সিরিজ। হানসাল যখন আমার কাছে চিত্রনাট্য নিয়ে এলেন, আমি শুধু বললাম, ‘এমন কাজের জন্যই তো বেঁচে ছিলাম! পুলিশের গোয়েন্দা চরিত্রে জীবনে প্রথমবার অভিনয় করলাম।’ সম্প্রতি সুজয় ঘোষের ওয়েব ছবি ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’-এর শ্যুটিং সম্পন্ন করেছেন কারিনা। সেটিও থ্রিলার ঘরানার। এই ছবি দিয়েই ওটিটিতে আত্মপ্রকাশ করবেন অভিনেত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত