বিদেশ থেকে অর্জিত অর্থ বিদেশে খরচ করার জন্য ইআরকিউ হিসাব খুলতে পারেন রপ্তানিকারকরা। এত দিন এই সুবিধা থেকে বঞ্চিত ছিল দেশের ফ্রিল্যান্সাররা। তবে এখন থেকে ফ্রিল্যান্সারদের রপ্তানিকারকের রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাবের সুবিধা দিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ হিসাবের মাধ্যমে বিদেশ থেকে অর্জিত অর্থ বিদেশে খরচ করতে পারবেন তারা। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে রপ্তানিকারকের রিটেনশন কোটা হিসাবসংক্রান্ত সেবা দিতে নির্দেশনা দিয়েছেন। সেবা খাতের আয় বৃদ্ধির লক্ষ্যে আইসিটি খাতসহ অন্যান্য সেবা রপ্তানিকারকদের প্রয়োজনীয় ইআরকিউ হিসাব খোলা, আন্তর্জাতিক ডেবিট, ক্রেডিট, প্রিপেইড কার্ড ইস্যু ও তা দিয়ে অনলাইন পদ্ধতিতে প্রয়োজনীয় ব্যয় করতে পারবেন।
সংশ্লিষ্টরা বলছেন, আইসিটি খাতে নানারকম ব্যয় বিদেশে পাঠাতে হয়।
এ খাতসহ সেবা খাতের রপ্তানিকারকদের ইআরকিউ হিসাব খোলার সুবিধাসহ আন্তর্জাতিক কার্ড প্রদানের ব্যবস্থা করার ফলে এ খাতে আয় বাড়বে।
