ঢামেক হাসপাতালে আগুন, আতঙ্কে রোগীর মৃত্যু

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৪ এএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নতুন ভবনে অগ্নিকাণ্ড হয়েছে। এতে বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও আতঙ্কিত হয়ে নামতে গিয়ে জসিম উদ্দিন (৬০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টায় জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জসিমের ভাগ্নে ইমতিয়াজ মাহমুদ সুজন জানান, তাদের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলায়। হার্টের সমস্যা, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত জসিম উদ্দিনকে শনিবার রাতে ঢামেক হাসপাতালের নতুন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডের ৪৭ নম্বর বেডে ভর্তি করা হয়। আগুন লাগার সময়ও তিনি তার বেডে ছিলেন। তখন হঠাৎ চারতলা থেকে ধোঁয়া উঠতে দেখে তাদের ওয়ার্ডের সবাই ছোটাছুটি শুরু করেন। একপর্যায়ে জসিম উদ্দিনকে নিয়ে সিঁড়ি দিয়ে ছয়তলা থেকে নিচে নামার সময় তিনি অসুস্থ হয়ে সিঁড়িতেই পড়ে যান। সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়েন। দ্রুত জরুরি বিভাগে নেওয়া হলেও চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া জানান, অসুস্থতার জন্য তার মৃত্যু হয়েছে। মরদেহ তার স্বজনরা নিয়ে গেছেন। এর আগে বেলা ৩টার দিকে হাসপাতালের নতুন ভবনের চতুর্থতলায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নির্বাপণ করেন।

কিশোরগঞ্জের ভৈরব থেকে হাসপাতালে আসা কিডনি রোগী আবুল হোসেনের (৫৫) ছেলে জিহাদ হোসেন জানান, চারতলার জানালার পাশে এসি থেকে হঠাৎ করে আগুন ধরে যায়। এরপর কালো ধোঁয়ায় ওয়ার্ডের ভেতর ও চারদিকে ছড়িয়ে পড়ে। তখন হাসপাতালের চিকিৎসক, নার্সরা প্রথমে ছোটাছুটি করে বাইরে বেরিয়ে যান। এরপর কিছুসংখ্যক রোগীকে তাদের স্বজনরা দ্রুত বাইরে নিয়ে যান।

বিভিন্ন রোগীর স্বজনরা জানান, চতুর্থতলায় আগুন লাগলেও ১০ তলা ভবনটির প্রায় সব রোগী আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে চতুর্থতলায় ডায়ালাইসিস ইউনিটে ডায়ালাইসিস করতে থাকা রোগীরা কেউ বের হতে পারেননি। পুরো সময়টুকু তারা সেখানে আটকে থাকেন।

চারতলার ডায়ালাইসিস ইউনিটে ভর্তি আরিফ হোসেন (৪০) নামে এক রোগীর স্ত্রী মরিয়ম বেগম জানান, আগুনের পরপর ইউনিটটি ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। এটি দেখেই নার্সরা বাইরে চলে যান। রোগীকে বের করার মতো কেউ ছিল না। কিছুক্ষণ পর একে একে সবাই আবার আসেন।

হাসপাতালের নতুন ভবনের ওয়ার্ড মাস্টার মো. রিয়াজ জানান, আগুন লাগার পরপরই প্রথমে হাসপাতালের স্টাফ, নার্সরা আগুন নেভানোর চেষ্টা করে। পরবর্তী সময়ে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিভে ফেলে। পরে আবার সব রোগীকে যার যার ওয়ার্ডে পাঠানো হয়েছে।

এর আগেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। ২০২১ সালের ১৭ মার্চ করোনা ইউনিটে আগুন লেগে তিন রোগীর মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত