মাগুরায় প্রতিপক্ষের হামলায় জাহিদ জোয়ার্দার (৫৫) নামে আওয়ামী লীগের এক কর্মী খুন হয়েছেন। গত শনিবার বিকেলে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে হামলার শিকার হন তিনি। এলাকাবাসী ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই ঢাকায় পাঠানো হলে গতকাল রবিবার ভোরে পথে তার মৃত্যু হয়। নিহত জাহিদ জোয়ার্দার সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ছিলেন। তিনি শ্রীরামপুর গ্রামের মসিয়ার জোয়ার্দারের ছেলে।
হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহারুল হক আখরোট জানান, হাজীপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আরজু মোল্যা এবং ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) তাহাজ্জত হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে জাহিদ জোয়ার্দারের সামাজিক বিরোধ চলে আসছিল।
সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘সামাজিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় জাহিদ জোয়ার্দার খুন হয়েছেন।’
