মোংলায় হরিণের মাংস উদ্ধার করতে গিয়ে চোরাশিকারিদের হামলায় আহত হন বন বিভাগের স্টেশন অফিসারসহ চার সদস্য। চোরাশিকারিদের কাছ থেকে হরিণের মাংস উদ্ধারের সময় এ ঘটনা ঘটে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেল ৫টার দিকে সুন্দরবনসংলগ্ন বৈদ্যমারী-বাঁশতলা এলাকার সুন্দরবনের ইসহাকের চিলা নামক স্থানে অভিযান চালানো হয়। ওই সময় চোরা হরিণ শিকারিদের একটি নৌকা আটক করা হয়। পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে দুটি পাসহ ২০ কেজি হরিণের মাংস, ২ হাজার ফুট হরিণ শিকারের ফাঁদ, ১টি দা ও ১টি ছুরি জব্দ করা হয়। পরে চোরাশিকারিদের আটক করতে গেলে তারা নৌকার বৈঠা দিয়ে আঘাত করে বন কর্মকর্তা শাহজাহানসহ তার সাথে থাকা অপর তিন বনপ্রহরীকে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
এ ঘটনায় স্টেশন কর্মকর্তা মো. শাহজাহানের কোমর, পিঠ ও ঘাড়ে মারাত্মক জখম হয়েছে। বাকি তিন বনপ্রহরীও তখন আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন। ফলে চোরাশিকারিদের কাউকেই আটক করা সম্ভব হয়নি। এ ঘটনার পর থেকে ওই চোরাশিকারিদের আটকে বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে।
জিউধারা স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান সোমবার দুপুর পৌনে ১টার দিকে বলেন, গোড়া বাঁশতলা গ্রামের মোক্তার শেখের ছেলে ফারুক হোসেন হাওলাদারের (৩০) নেতৃত্বে ৪ সদস্যের চোরাশিকারি দলকে আটক করার চেষ্টাকালে তারা আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে পালিয়ে যায়। তারপরও ঘটনাস্থল থেকে আমরা ২০ কেজি হরিণের মাংস, ২টি পা, একটি নৌকা ও ফাঁদ জব্দ করেছি। এ ঘটনায় বন মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ছাড়া পালিয়ে যাওয়া আসামীদের আটকে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
