আসছে ১৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাওয়া ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’ বন্ধে আপত্তি জানিয়েছেন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের পরিবার। সেই সঙ্গে পাঠিয়েছেন লিগ্যাল নোটিশও।
কিছুদিন আগেই সিরিজটির প্রমো প্রকাশিত হয় আর তাতে দেখা যায়, চলচিচত্রের এক কিংবদন্তি তারকা তার জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থাতেই আত্মহত্যা করেন এবং দীর্ঘ অনেক বছর পেরিয়ে গেলেও তার মামলার কোন সূরাহা হয়নি। নতুন করে এ মামলার তদন্ত করবেন এএসপি গোলাম মামুন ওরফে অভিনেতা অপূর্ব।
এমন প্রমো প্রকাশ্যে আসার পর অনেকেরই ধারণা, সিরিজটিতে সালমান শাহের জীবনী দেখানো হবে বা তাকে ঘিরেই এগুবে গল্প। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
এমন স্পর্শকাতর বিষয়ে বানানো সিরিজে আপত্তি জানিয়েছেন সালমান শাহের মা নিলুফার চৌধুরী ও মামা আলমগীর কুমকুম। আর তাই আলমগীর কুমকুম সম্প্রতি পরিচালক বরাবর সিলেট জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ মইনুল ইসলামের মাধ্যমে একটি লিগ্যাল নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে, আমার মক্কেলের ভাগনা সালমান শাহকে মৃত অবস্থায় তাহার বাসায় পাওয়া যায়। আমার মক্কেলের ভাগনার রহস্যজনক মৃত্যুকে একটি মহল ভিন্ন ভাবে প্রবাহিত করার উদ্দেশ্যে তাহা আত্মহত্যা বলিয়া প্রচার করে। এই নিয়ে আমার মক্কেলের দায়েরী মামলা বর্তমানে আদালতে বিচারাধীন আছে। আমার মক্কেল গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করিতেছেন যে, সম্প্রতি একটি মহল আমার মক্কেলের ভাগনার মৃত্যু রহস্য নিয়া ধারাবাহিক সিরিজ নির্মাণের পায়তারা করিতেছে। একটি বিচারাধীন বিষয় নিয়া এহেন সিরিজ নির্মাণ করা আইন সম্মত নহে। তাই যে বা যাহারা উক্তরূপ সিরিজ নির্মাণের চেষ্টা করিতেছেন, তাহারা এহেন কর্ম হইতে বিরত থাকিবেন। অন্যথায় আমার মক্কেল আইনগত ব্যবস্থা গ্রহণে বাধ্য হইবেন।
এ বিষয়ে সিরিজটির নির্মাতা তানিম রহমান অংশুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এমন কোন নোটিশ তিনি এখনও পাননি।
নোটিশের বক্তব্য জানার পর তিনি বলেন, ‘এই মামলা বা লিগ্যাল নোটিশের সাথে আমার কোনও কাজের সংযুক্তি খুঁজে পাচ্ছি না। ফলে এ বিষয়ে আমি কোনও মন্তব্য করতে পারছি না।’
দেশের চলচ্চিত্রে মাত্র চার বছরের ক্যারিয়ার হলেও এখনও কিংবদন্তি নাম সালমান শাহ। ২৪ বছর বয়সে আচমকাই অস্বাভাবিক মৃত্যুতে থেমে যায় তার পথচলা। তবে এখনও পাল্টাপাল্টি দাবি পরিবার এবং আইন-শৃঙ্খলা বাহিনীর। এই জট খোলেনি ২৭ বছরেও।
