জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। এতে এক শিক্ষার্থী আহত হয়েছেন।
সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ৩টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্ত্বরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে দর্শন বিভাগের ১২০ নম্বর কক্ষে ৪৯তম ব্যাচের শিক্ষার্থী সানভির ইসলাম ও সিফাত বসে ছিলেন। ওই কক্ষে সজোরে লাথি দিয়ে ভেতরে প্রবেশ করেন ইংরেজি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী আশরাফুল আলম মাহি এবং ওমর ফারুক। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।
এ সময় দর্শন বিভাগের সানভির এবং সিফাত ওই দুজনের পরিচয় জানতে চাইলে তারা উদ্ধত আচরণ করেন। পরে ইংরেজি বিভাগের ৪৬তম ব্যাচের দুই শিক্ষার্থী এসে বিষয়টির মীমাংসা করে দেন।
ওই ঘটনার জেরে দুপুর আড়াইটায় আশরাফুল আলম মাহি এবং ওমর ফারুক মোবাইলে কল দিয়ে তাদের হল থেকে বন্ধু ও বড়ভাইদের মুরাদ চত্ত্বরে ডেকে আনেন। সেখানে আগে থেকেই সানভির ও সিফাতসহ দর্শন বিভাগের কয়েকজন বসে ছিলেন। সেখান মাহি ও ফারুকসহ তার সঙ্গে থাকা অন্যদের সঙ্গে দর্শন বিভাগের শিক্ষার্থীদের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতিতে জড়ায় দুই পক্ষ। এতে সানভির আহত হন।
হাতাহাতি চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান এবং শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ হোসনে ঘটনাস্থলে যান। তারা পরিস্থিতি শান্ত করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, শিক্ষার্থীদের হলে পাঠিয়েছি। শিগগিরই তদন্ত কমিটি গঠন করে এ ঘটনায় দোষীদের বের করে শাস্তির ব্যবস্থা করা হবে।
