বাবাকে ছাড়িয়ে ছেলে

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৯ এএম

প্রায় একশ বছরের টেস্ট ইতিহাস উইন্ডিজের। ৫৬৮তম টেস্টে এসে তিনশ রানের উদ্বোধনী জুটির দেখা পেল তারা। জিম্বাবুয়ের বিপক্ষে গতকাল বুলাওয়ে টেস্টে ক্রেইগ ব্র্যাথওয়েট ও তেজনারাইন চন্দরপল গড়লেন এই কীর্তি।

সাদা পোশাকে উদ্বোধনী জুটিতে উইন্ডিজের আগের সর্বোচ্চ ছিল ২৯৮ রান। ১৯৯০ সালের এপ্রিলে সেই কীর্তি গড়েছিলেন গর্ডন গ্রিনিজ ও ডেসমন্ড হেইন্স। অ্যান্টিগার সেন্ট জনসে স্বাগতিকদের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। ৩৩ বছর পর গ্রিনিজ ও হেইন্সকে ছাড়িয়ে গেলেন ব্র্যাথওয়েট ও তেজনারাইন। ২০০০ সালের পর এই প্রথম কোনো উদ্বোধনী জুটি ১০০ ওভারের বেশি ব্যাট করল। ৪৮৮ মিনিটে ১৮২ রান করে মাসাকাদজার বলে আউট হওয়ার আগে ১১৪.১ ওভারে ৩৩৬ রান করে জুটি। টেস্টে উদ্বোধনী জুটিতে ১০০ ওভারের বেশি খেলেছিলেন সর্বশেষ শ্রীলঙ্কার মারভান আতাপাত্তু ও সনাৎ জয়সুরিয়া ২০০০ সালের জুলাইয়ে।

অধিনায়ক না পারলেও তেজনারাইন নিজের প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন। ৪৬৫তম বলকে ছক্কায় উড়িয়ে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন এই বাঁহাতি। প্রায় ১০ ঘণ্টার ব্যাটিংয়ে ১৬ চার ও তিন বাউন্ডারিতে ২০৭ রান করে অপরাজিত থাকেন। তেজনারাইন ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই ডাবল সেঞ্চুরি করে ছাড়িয়ে গেলেন বাবা শিবনারাইন চন্দরপলকে। ১৬৪ টেস্টে ৩০টি সেঞ্চুরি হাঁকানো ক্যারিবীয় কিংবদন্তির সর্বোচ্চ টেস্ট ইনিংস ২০৩*। ২০০৫-এ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ডাবলের পর একই অঙ্কের ইনিংস খেলেন তিনি বাংলাদেশের বিপক্ষে ২০১২-তে মিরপুর টেস্টে। প্রথম ডাবল সেঞ্চুরি পেতে অবশ্য ৮১ টেস্ট খেলতে হয়েছিল চন্দরপল সিনিয়রকে। ছেলে করলেন তৃতীয় টেস্টেই।

তেজনারাইনের ডাবল সেঞ্চুরিতে ক্রিকেট ইতিহাসের দুর্লভ এক কীর্তিতেও নাম উঠে গেছে চন্দরপল পরিবারের। টেস্ট ইতিহাসে চন্দরপলদের আগে বাবা-ছেলের ডাবল সেঞ্চুরির কীর্তি ছিল শুধু পাকিস্তানের মোহাম্মদ পরিবারের। কিংবদন্তি হানিফ মোহাম্মদ একটি ট্রিপল সেঞ্চুরিসহ দুবার ২০০ পেরিয়েছিলেন টেস্টে। তার ছেলে শোয়েব মোহাম্মদও টেস্টে দুবার ডাবল সেঞ্চুরি পেয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত