বাংলাদেশে ১৯৭১ সালে পাকিস্তানি দখলদার বাহিনীর বর্বরোচিত গণহত্যার স্বীকৃতি চেয়ে কানাডিয়ান মিউজিয়াম ফর হিউম্যান রাইটসে (সিএমএইচআর) আবেদন করেছিল বাংলাদেশ। এই আবেদন পর্যালোচনা করতে সাত দিনের সফরে গতকাল সোমবার ঢাকা এসেছেন সিএমএইচআরের হলোকাস্ট ও গণহত্যাবিষয়ক কিউরেটর ড. জেরেমি মেলভিন মেরন। অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্তির এ আবেদনে সহযোগিতা করেছিল বঙ্গবন্ধু সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ ইন কানাডা, মুক্তিযুদ্ধ জাদুঘর, ঢাকা; কনফ্লিক্ট অ্যান্ড রেজিলিয়েন্স রিসার্চ ইনস্টিটিউট কানাডা ও ঢাকা বিশ^বিদ্যালয়ের জেনোসাইড স্টাডিজ সেন্টার।
অটোয়ায় বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণহত্যার স্বীকৃতি-সংক্রান্ত আবেদনটি গৃহীত হলে সিএমএইচআর গণহত্যাসংক্রান্ত দলিল ও প্রমাণাদি জাদুঘরে স্থায়ীভাবে প্রদর্শনের ব্যবস্থা করবে।
