সুষ্ঠু নির্বাচনে সরকারকে প্রস্তাবনা দিতে চায় জাপা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১৬ এএম

দেশের বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেন, নির্বাচনী পরিস্থিতি উন্নয়নে সরকারকেই উদ্যোগ নিতে হবে। সরকার চাইলে আমরা দলীয় ফোরামে আলোচনা করে জাতীয় পার্টির পক্ষ থেকে প্রস্তাবনা দেব।

গতকাল সোমবার দুপুরে জাপা চেয়ারম্যানের রাজধানীর বনানী কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনাকালে এ প্রস্তাবনা দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়। এ সময় জাপা চেয়ারম্যান আরও বলেন, আমরা আদালতের ওপর শ্রদ্ধাশীল। আমরা আদালতের সব নির্দেশনা মেনেই চলেছি। মামলার কারণে স্বাভাবিক রাজনীতিতে কিছুটা বাধা এসেছে। কিন্তু আমরা আদালতের সব নির্দেশনা শ্রদ্ধার সঙ্গে ইতিবাচকভাবেই নিচ্ছি।

জাপা চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার দীর্ঘ সময় রাষ্ট্র ক্ষমতায় থেকে জনগণের আস্থা হারিয়েছে। আবার বিএনপিকেও দেশের সাধারণ মানুষ পছন্দ করে না। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির বাইরে একটি তৃতীয় শক্তি প্রত্যাশা করছে। জাতীয় পার্টি সেই তৃতীয় শক্তি হিসেবে নির্বাচনে আবির্ভূত হতে প্রস্তুতি নিচ্ছে। জাতীয় পার্টি ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

জিএম কাদের বলেন, দেশ থেকে দুর্নীতি, দুঃশাসন, দলবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্য দূর করতেই আমরা রাজনীতি করছি। দেশের মানুষ মনে করছেন, আওয়ামী লীগ ও বিএনপির চেয়ে জাতীয় পার্টি দেশ পরিচালনায় অনেক বেশি সফলতা অর্জন করেছে। তাই দেশের মানুষ জাতীয় পার্টিকে বিকল্প শক্তি হিসেবে দেখতে চায়।

এর আগে গাজীপুর জেলা জাপা নেতাদের সঙ্গে মতবিনিময় করেন জিএম কাদের। এ সময় উপস্থিত ছিলেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার মিয়া প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত