আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে এমিলিয়ান মার্তিনেজের পারফরম্যান্সের অবদান অনেক। পোস্টের নিচে দুর্দান্ত ছিলেন এই গোলরক্ষক। তবে ফাইনালে বেশ কিছু বিতর্কেরও জন্ম দেন তিনি।
শুধু ফাইনাল নয়, বিশ্বকাপ শেষেও বিতর্কিত ঘটনায় আলোচনায় থেকেছেন মার্তিনেজ। জাতীয় দলের পর ক্লাবের হয়েও আলোচনায় থাকছেন ৩০ বছর বয়সী।
গত শনিবার অ্যাস্টন ভিলার হয়ে লিস্টার সিটির বিপক্ষে ৪ গোল হজম করেন মার্তিনেজ। দল হেরেছে ২-৪ গোলে।
দুবার এগিয়ে গিয়েও জিততে না পারার খানিকটা দায় অবশ্যই মার্তিনেজের। কিন্তু বিশ্বকাপের সেরা গোলরক্ষক জানিয়েছেন, খেলার ধরন বদলাবেন না তারা। তাতে ম্যাচ হারলেও কোনো ক্ষতি নেই।
লিস্টারের করা ৪টি গোলের মধ্যে অন্তত ২টি হয়েছে ভিলার রক্ষণের ভুলে। হাই ডিফেন্সিভ লাইনে খেলে ডুবতে হয়েছে উনাই এমেরির দলকে। কিন্তু তাতে তাদের কোনো আফসোস নেই বলে জানিয়েছেন মার্তিনেজ।
তারা একই রকম খেলা খেলবেন বলে জানিয়েছেন তিনি। মার্তিনেজ বলেছেন, ‘আমরা জানুয়ারিতে খুব ভালো খেলেছি। রক্ষণ খুব ভাল খেলেছে। কিন্তু লিস্টারের কাছে হেরেছি। ৩ পয়েন্ট ওদের প্রাপ্য ছিল। কিন্তু আমরা নিজেদের খেলার ধরন বদলাব না। হাই ডিফেন্সিভ লাইন নিয়েই খেলব।’
মার্তিনেজের মতে খেলার ফলের থেকেও বেশি গুরুত্বপূর্ণ নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলা। একটি ম্যাচের ফলে সেটা বদলে যেতে পারে না। তিনি বলেছেন, ‘আমরা বলের দখল রেখে খেলতে চাই। আক্রমণাত্মক ফুটবল খেলতে চাই। পরিকল্পনা থেকে সরব না। তাতে কয়েকটা ম্যাচে আমরা হয়তো হারতে পারি। তাতে কিছু আসে যায় না।’
তবে মার্তিনেজের এই কথায় বিতর্ক ছড়িয়েছে। ভিলা সমর্থকদের মধ্যে অনেকের অভিযোগ নিজের দোষ ঢাকতে এই কথা বলছেন মার্তিনেজ।
বিশ্বকাপে যা খেলা তিনি খেলেছেন তার ধারেকাছে নেই মার্তিনেজ। এ ভাবে পরিকল্পনার উপর দোষ না দিয়ে নিজের খেলার দিকে তাকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন সমর্থকেরা।
মার্তিনেজের সুরেই অবশ্য কথা বলতে দেখা গিয়েছে এমেরিকে। দলের কোচ বলেছেন, ‘লিস্টার সব বিভাগে আমাদের থেকে ভালো খেলেছে। আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। হেরে যাওয়ায় হয়তো সমর্থকেরা হতাশ হয়েছেন। কিন্তু নিজেদের খেলার ধরন আমরা বদলাব না। আগামী দিনেও একই ভাবে ফুটবল খেলব।’
