রাজধানীর আদাবর, মোহাম্মদপুর ও হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ২০ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। গত সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা রাজধানীর বিভিন্ন স্পটে ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় মাদক, দস্যুতা, ছিনতাই, অস্ত্র ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।
র্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক জানান, কয়েকজন ছিনতাইকারী দেশীয় অস্ত্রশস্ত্রসহ ছিনতাইয়ের উদ্দেশ্যে রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, হাজারীবাগ, বসিলা এবং কারওয়ানবাজার এলাকায় প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র্যাবের একাধিক টিম সোমবার রাতভর অভিযান পরিচালনা করে ২০ জনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা র্যাবকে জানায়, তারা দীর্ঘদিন রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, শ্যামলী, ফার্মগেট, চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান, বসিলা ও কারওয়ানবাজারসহ বিভিন্ন জায়গায় সংঘবদ্ধভাবে ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহণ করত।
