অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে জানিয়েছেন, এনবিআর ২০২১-২২ অর্থবছরে ২০২০-২১ অর্থবছর থেকে প্রায় ৪০ হাজার কোটি টাকা অধিক আদায় করেছে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে এম. আব্দুল লতিফের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০২১-২২ অর্থবছরে এনবিআর রাজস্ব আদায় করেছে ৩ লাখ ১ হাজার ৬৩৩ দশমিক ৮৪ কোটি টাকা। এর আগের অর্থবছরে আদায় হয়েছে ২ লাখ ৬১ হাজার ৬৮৯ দশমিক ২০ কোটি টাকা। অর্থাৎ পূর্ববর্তী অর্থবছরের (২০২০-২১) তুলনায় ২০২১-২২ অর্থবছরে রাজস্ব আদায় ৩৯,৯৪৪.৬৪ (ঊনচল্লিশ হাজার নয়শত চুয়াল্লিশ কোটি চৌষট্টি লাখ) টাকা বেশি।
চলতি অর্থবছরে বৈদেশিক বাজেট সহায়তা কমছে : নোয়াখালী-২ আসনের মোরশেদ আলমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, গত অর্থবছরের (২০২১-২২) তুলনায় চলতি অর্থবছরে (২০২২-২৩) বৈদেশিক বাজেট সহায়তা কমছে। গত অর্থবছরে বিভিন্ন উন্নয়ন সহযোগীদের থেকে সরকার ৩ দশমিক ২৬ বিলিয়ন ডলারের সমপরিমাণ বাজেট সহায়তা পেয়েছে। আর চলতি ২০২২-২৩ অর্থবছরে জন্য ২ দশমিক ২৩ বিলিয়ন ডলারের সমপরিমাণ বাজেট সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
অর্থমন্ত্রী বলেন, দ্রুত অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে সরকার বিভিন্ন ধরনের সংস্কারমূলক কার্যক্রম গ্রহণ করে থাকে। এসব সংস্কারমূলক কাজের বাস্তবায়নকে ত্বরান্বিত করার জন্য অনেক সময় আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান সরকারকে ‘বাজেট সাপোর্ট’ শীর্ষক নীতি ঋণ বা পলিসি ক্রেডিট প্রদান করে। কাজেই ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্টি বৈশ্বিক অর্থনৈতিক সংকটসহ জরুরি পরিস্থিতি মোকাবিলায়’ সরকার বাজেট সাপোর্ট গ্রহণ করছে বিষয়টি এ রকম নয়। এটি একটি চলমান প্রক্রিয়া।
বিশ্বব্যাংকের অর্থায়নে ১৫ বিলিয়ন ডলারের ৫৩টি প্রকল্প চলমান : ঢাকা-৭ আসনের হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান বিশ্বব্যাংকের অর্থায়নে ১৫ বিলিয়ন ডলারের ৫৩টি প্রকল্প বর্তমানে চলমান রয়েছে। মন্ত্রীর তথ্য অনুযায়ী এসব প্রকল্পের মধ্যে একটি গত বছরের ১৫ জুন, ৯টি গত ৩১ ডিসেম্বর শেষ হয়েছে, ১০টি আগামী জুনে, ১৪টি এ বছর ডিসেম্বর, ১২টি ২৪ সালে, ১৩টি ২০২৫ সালে ও ৬টি ২০২৬ সালে শেষ হওয়ার কথা রয়েছে।
সরকারদলীয় কাজিম উদ্দিন আহম্মেদ ও আলী আজমের পৃথক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, পরিবার সঞ্চয়পত্রের মুনাফার হার বৃদ্ধি করার কোনো পরিকল্পনা আপতত নেই। বিনিয়োগ পরিস্থিতি বিবেচনা করে পরিবার সঞ্চয়পত্রের মুনাফার হার পুনঃনির্ধারণ করা হতে পারে।
সরকারদলীয় কাজিম উদ্দিন আহম্মেদের আরেক প্রশ্নের জবাবে আ হ ম মুস্তফা কামাল বলেন, দেশের কৃষির উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে কৃষি সহায়তা প্রদান করার নিমিত্তে কৃষকদের সুদবিহীন ঋণ প্রদানের পরিকল্পনা নেই।
নোয়াখালী-৩ আসনের মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রর শতভাগ অর্জনের লক্ষ্য নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাজ করে যাচ্ছে। এনবিআর আশা করে অর্থবছর শেষে লক্ষ্যমাত্রা শতভাগ অর্জিত হবে।
