ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের আবাসিক শিক্ষার্থী জান্নাতুল মাওয়া ছুটি। পড়ছেন ইসলামের ইতিহাস বিভাগে। বইমেলায় এসেছেন পছন্দের লেখকের বই সংগ্রহ করতে। জানতে চাইলে তিনি বলেন, নতুন গল্পে আমি ডুবে থাকি সবসময়। ভালোবাসার অপর নাম বইমেলা।
গতকাল সন্ধ্যায় অমর একুশে বইমেলা প্রঙ্গণে দেশ রূপান্তরের সঙ্গে এই পাঠকের আলাপ হলে তিনি এসব কথা বলেন।
বইমেলায় এসে কেমন লাগছে জানতে চাইলে জান্নাতুল মাওয়া দেশ রূপান্তরকে বলেন, মেলায় আসতে পেরে ভীষণ ভালো লাগছে। অন্য সময়ের চেয়ে এবারের মেলাটা ভিন্ন রকম লাগছে।
পাঠক হিসেবে কোন লেখকের বই পছন্দ জানতে চাইলে তিনি বলেন, ‘পুরনো অনেক লেখকের পাশাপাশি নতুন লেখকদের বইগুলো আমাকে টানে। বিশেষ করে রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহর কবিতার বই, হুমায়ূন আহমেদের উপন্যাসের ফ্যান অনেক আগে থেকেই। সবসময়ই তারা আমার কাছে নতুন। তাই এবারও তাদের বই কিনব।’
বইমেলা মানেই লেখক-পাঠকের ভাব বিনিময়ের কেন্দ্র বলে মনে করেন জান্নাতুল মাওয়া। এই পাঠক বলেন, ‘মেলায় এলে পাঠকদের মধ্যে অন্য এক উন্মাদনা কাজ করে। লেখকদের পড়ার অভ্যস্ততা তৈরি হয়। তবে একজন লেখক পাঠকের মনের ভাব না জানতে পারলে লেখক হিসেবে তিনি ব্যর্থ বলেই আমি মনে করি।’
