নির্বাচন পর্যন্ত প্রতিদিন আওয়ামী লীগের কর্মসূচি আছে জানিয়ে ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ইউনিয়ন পর্যায়ে যে কর্মসূচি তা পাল্টাপাল্টি কোনো কর্মসূচি নয়। জনগণের জানমাল রক্ষা করা আমাদের কর্তব্য। আর তাই নির্বাচনের আগে আমাদের দলীয় কর্মসূচি থাকবে।’
গতকাল মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। খবর বাসস।
রাজধানীর মৎস্য ভবন মোড়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে সড়ক নিরাপত্তাসংক্রান্ত সচেতনতামূলক কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের কর্মসূচি পালন করছি, কোনো সংঘাতে যাচ্ছি না। ২০১৩-১৪ সালে আমরা দেখেছি তারা (বিএনপি) কর্মসূচির নামে আগুনসন্ত্রাস, রেলস্টেশন, ভূমি অফিস পুড়িয়ে দিয়েছিল। জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া আমাদের কর্তব্য। কাজেই সারা দেশে আগামী নির্বাচন পর্যন্ত সতর্ক পাহারায় থাকব।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে দেশের যোগাযোগব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনার আমলে সড়ক যোগাযোগব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান। এখন অগ্রাধিকার হলো অবকাঠামোগত উন্নয়ন এবং বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনা। এ জন্য প্রয়োজন জনগণের সচেতনতা।’
ইজিবাইকগুলো নীতিমালার মধ্যে নিয়ে আসার কাজ শেষ পর্যায়ে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘মেট্রোরেলের পিলারে যারা পোস্টার লাগিয়েছেন তারা নিজ দায়িত্বে সেগুলো সরাবেন, অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে। সড়কে নিরাপত্তা সবাই চায়, ফলে সবাইকেই এগিয়ে আসতে হবে।’
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘১৯ ফেব্রুয়ারি নির্বাচন, তার আগে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে চিন্তাভাবনা করছেন। তিনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটি আমাদের দল মেনে নেবে। এমনও হতে পারে আমরা সংসদীয় দলের প্রধানের কাছে দায়িত্ব দিতে পারি।’
