স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়া যেন এখন মৃত্যুপুরী। সেখানে সেখা দিয়ে চরম মানবিক বিপর্যয়। খাদ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের তীব্র সংকট চলছে সেখানে। সাহায্যের হাত বাড়িয়েছে বিভিন্ন দেশ ও সংস্থা। এবার সেসব ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য সান’ জানিয়েছে, রোনালদোর স্বাক্ষরিত জার্সি নিলামে তুলে সেই অর্থ তুরস্কে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ব্যয় করা হবে। তবে জার্সিটি রোনালদোর বর্তমান ক্লাব আল নাসরের নয়, সাবেক ক্লাব জুভেন্টাসের। এছাড়া জুভেন্টাসের ইতালিয়ান তারকা লিওনার্দো বনুচ্চিও নিজের একটি জার্সি দান করেছেন।
ইতালিয়ান ক্লাব আটালান্টার তুর্কি ফুটবলার মেরিজ ডেমিরাল মূলত রোনালদো ও বনুচ্চির জার্সি নিলামে তুলতে যাচ্ছেন। নিজ দেশের ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে তিনি ওই দুটি জার্সি সংগ্রহ করেছেন।
তিনি নিজেই জানিয়েছেন, তার আহ্বানে সাড়া দিয়ে জার্সি দুটি দান করেছেন জুভেন্টাসে তার সাবেক দুই সতীর্থ রোনালদো ও বনুচ্চি। নিলাম থেকে প্রাপ্ত সকল অর্থ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় দান করা হবে।
জার্সি নিলামের বিষয়টি নিয়ে টুইটারে ডেমিরাল লিখেছেন, ‘আমি রোনালদোর সঙ্গে কথা বলেছি। সে তুরস্কে যা (ভূমিকম্প) হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে। আমার সংগ্রহে থাকা রোনালদোর জার্সিটি আমরা নিলামে তুলতে যাচ্ছি। নিলাম থেকে পাওয়া অর্থ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যবহার করা হবে। একইভাবে নিলামের জন্য জার্সি পাঠিয়েছে বনুচ্চিও।’