বলিউডের আলোচিত জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি জমকালো আয়োজনে গাঁটছড়া বাঁধলেন। বিয়ের পর ‘সিয়ারা’ নামে পরিচিতি পাচ্ছেন এ যুগল। বিয়ের পর একান্তে সময় কাটাতে নবদম্পতি মধুচন্দ্রিমায় যাওয়ার চল থাকলেও তারা যেতে পারছেন না।
বলিউড লাইফের বরাতে টাইমস নাউ জানিয়েছে, সিদ্ধার্থ মালহোত্রার একটি ওয়েব সিরিজের দৃশ্য ধারণে সূচি রয়েছে, সঙ্গে কিয়ারারও কয়েকটি কাজের বিষয়ে আলোচনা হয়েছে। দৃশ্য ধারণের পাশাপাশি বিয়ে-পরবর্তী কিছু আচারবিধি পালন করতে হবে তাদের। সব সামলে শিগগিরই মধুচন্দ্রিমায় যাওয়া হচ্ছে না তাদের।
রাজস্থানের মরু শহর জয়সালমিরের সূর্যগড় প্রাসাদে অস্তমিত সূর্যকে সাক্ষী রেখে গত মঙ্গলবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ‘শেরশাহ’ জুটি। ‘শেরশাহ’ সিনেমার শ্যুটিং সেট থেকেই প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ-কিয়ারা। তারপর এ জুটির প্রেম-বিয়ে নিয়ে আলোচনা কম হয়নি। জানুয়ারি মাসেও বিয়ে নিয়ে চুপ ছিলেন এই দম্পতি। অবশেষে চার হাত এক হলো। বিয়ের আগে গত সোমবার সন্ধ্যায় কিয়ারা-সিদ্ধার্থের সংগীত অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন শহিদ কাপুর, মিরা রাজপুত, করণ জোহর, মনীশ মালহোত্রা প্রমুখ।
কিয়ারা-সিদ্ধার্থের বিয়ে রাজস্থানে হলেও দিল্লিতে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন রয়েছে আজ। এ আয়োজনে যোগ দিতে আজ জয়সালমির থেকে ব্যক্তিগত জেটে চেপে দিল্লি পৌঁছানোর কথা রয়েছে এ জুটির। দুজনের বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজন সেখানে উপস্থিত থাকবেন।
এরপর ১২ ফেব্রুয়ারি মুম্বাইতে গ্র্যান্ড উদ্যাপন হবে। এতে প্রিয়াঙ্কা চোপড়া, তার স্বামী নিক জোনাস, দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুরসহ বলিউড তারকারা উপস্থিত থাকবেন।
