বিএনপিদলীয় সংসদ সদস্যদের (এমপি) পদত্যাগে শূন্য হওয়া ছয়টি আসনে সদ্য অনুষ্ঠিত উপনির্বাচনে বিজয়ী এমপিরা শপথ নিয়েছেন। গতকাল বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার সংসদ ভবনের কার্যালয়ে নবনির্বাচিত এই এমপিদের শপথবাক্য পাঠ করান।
শপথ নেওয়া ছয় এমপি হলেন ঠাকুরগাঁও-৩ আসনের হাফিজ উদ্দিন আহম্মেদ (জাতীয় পার্টি), বগুড়া-৪ আসনের এ কে এম রেজাউল করিম তানসেন (জাসদ), বগুড়া-৬ আসনের রাগেবুল আহসান রিপু (আওয়ামী লীগ), চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মু. জিয়াউর রহমান (আওয়ামী লীগ), চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. আবদুল ওদুদ (আওয়ামী লীগ) এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভূঁঞা (স্বতন্ত্র)।
সংসদ সচিবালয়ের সচিব কে এম আবদুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আতিউর রহমান আতিক, মো. মুজিবুল হক চুন্নু, শিরীন আখতার, ফখরুল ইমাম, সামিল উদ্দিন আহমেদ শিমুল, উম্মে ফাতেমা নাজমা বেগম ও ফেরদৌসী ইসলাম উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত এমপিরা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
বিএনপিদলীয় এমপিদের পদত্যাগে শূন্য হওয়া ছয়টি সংসদীয় আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ হয় গত ১ ফেব্রুয়ারি।
