জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার পড়েছেন দারুণ এক প্রশ্নের মুখে। অভিনেত্রী অহনার সঙ্গে প্রেম করছেন না, বিয়ে করছেনএমন একটি প্রশ্ন ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
মধ্যরাতে ফেইসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে ‘বিয়ের হলফনামা’ প্রকাশ করেন শামীম হাসান সরকার। অহনাকে ট্যাগ করে দেওয়া সেই পোস্টের লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’। সেটা যে নাটকের সে গল্প শামীম পরে বলেছেন। কিন্তু অহনার প্রতি যে আবেগ তা অপ্রকাশ্য রাখতে পারছেন না শামীম। শামীম বলেন, ‘আমি বিশ্বাস করি মানুষের সঠিক সময়ে সঠিক মানুষের সঙ্গে পরিচয় হয়। আমি তোমার ফ্যান ছিলাম, এখনো আছি কিন্তু আমার সৌভাগ্য আমি আমার যোগ্যতার কারণে তোমার পাশে দাঁড়িয়ে অভিনয় করার সুযোগ পেয়েছি, তোমার বন্ধু হতে পেরেছি। অভিনেত্রী হিসেবে এমনিতেই তোমার অভিনয়ে মুগ্ধ ছিলাম। মানুষ হিসেবে তোমার সঙ্গে পরিচিত হওয়ার পর আরও মুগ্ধ হয়ে যাই। তুমি দারুণ একটা মানুষ।’
অভিনেতা অহনাকে ভালোবাসা জানিয়ে লিখেছেন, ‘সবার জন্য তোমার যে আন্তরিকতা এবং চিন্তাভাবনা সেটা আমাকেও বদলাতে সাহায্য করেছে। আমি তোমার কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। তোমার সঙ্গে আমার এই যাত্রা টিকে থাকুক। তুমি অনেক দীর্ঘজীবী হও, উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলে থাকো এই দোয়া করি। অনেক ভালোবাসি তোমাকে আমি। তোমার জন্য সব সময় শুভ কামনা।’
