ভারতের দক্ষিণের জনপ্রিয় তারকা প্রভাস ও অভিনেত্রী কৃতি স্যাননের প্রেমের গুঞ্জন চলছে কিছুদিন ধরে। ‘আদিপুরুষ’র টিজার প্রকাশের সময় তাদের দুজনের রসায়ন দেখে অনেকেই তখন অনুমান করেছেন দুজন একে অপরের প্রেমে বুঁদ হয়ে আছেন। এবার ভারতীয় চলচ্চিত্র সমালোচক উমার সান্ধু এই গুঞ্জনের পালে বাতাস দিয়েছেন। এক টুইটে তিনি বলেছেন, আগামী সপ্তাহে মালদ্বীপে প্রভাস ও কৃতি বাগদান সম্পন্ন করবেন।
ভারতের চলচ্চিত্র সমালোচক তার টুইটারে লিখেছেন, ‘ব্রেকিং নিউজ : কৃতি স্যানন এবং প্রভাস আগামী সপ্তাহে মালদ্বীপে বাগদান করবেন! তাদের জন্য অনেক খুশি।’
বছরের অন্যতম বড় বাজেটের চলচ্চিত্র ‘আদিপুরুষ’-এ একসঙ্গে অভিনয় করছেন প্রভাস-কৃতি। এই সিনেমার শ্যুটিংয়েই নাকি মন দেওয়া-নেওয়া হয়েছিল তাদের।
সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের সুবাতাস এখনো বইছে। এরই মধ্যে এ খবরে তোলপাড় চারদিকে। তবে এ বিষয়ে প্রভাসের পক্ষ থেকে তার টিম টাইমস অব ইন্ডিয়াকে জানায়, ‘প্রভাস ও কৃতি শুধুই বন্ধু। তাদের বাগদানের খবরটি সত্য নয়।’ এ ছাড়া প্রভাসের ভক্তরাও এই টুইটের জন্য উমারকে তিরস্কার করেছেন। অনেকেই তাকে উন্মাদ বলেও মন্তব্য করেছেন।
সম্প্রতি বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান করণ জোহরের শো ‘কফি উইথ করণে’ কৃতি স্যানন ও প্রভাসের সম্পর্কের বিষয়টি নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন। ওই শোয়ের ভিডিও ক্লিপটি তখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল।
ইফতেখার শুভ
