জাদেজা-ঘূর্ণিতে অস্ট্রেলিয়া ব্যাকফুটে

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৯ পিএম

৬ মাস পর ক্রিকেটে ফিরেছেন, অথচ হাঁটুর ইনজুরির জড়তা বিন্দুমাত্র নেই রবীন্দ্র জাদেজার। বরং ১১তম ৫ উইকেট নিয়ে নাগপুর টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দিনই এগিয়ে দিলেন ভারতকে। প্রথম ইনিংসে মাত্র ১৭৭ রানে গুঁড়িয়ে গেছে টসজয়ী অস্ট্রেলিয়া। জবাবে রোহিত শর্মার অপরাজিত ফিফটিতে ভারত দিন শেষে ১ উইকেটে ৭৭ রান তুলেছে।

শুধু ৫ উইকেট বললেও জাদেজার প্রভাবকে খাটো করা হয়। অস্ট্রেলিয়ার ইনিংস বড় করার চেষ্টায় যে তিন ব্যাটার এগোচ্ছিলেন তিনজনকেই ফিরিয়েছেন এ স্পিনার। মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিখ ও পিটার হ্যান্ডসকম্ব তিনজনই জাদেজার শিকার হন। এ ছাড়া হাল ধরতে যাওয়া অপর ব্যাটার অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে দারুণ মাইলফলক গড়েছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। টেস্টে ৪৫০ উইকেট নেওয়া দ্বিতীয় দ্রুততম বোলার তিনি। সাদা পোশাকে ৪৫০ বা তার বেশি উইকেট নেওয়া মাত্র নবম বোলার অশ্বিন। সবচেয়ে দ্রুততম ৮০ ম্যাচে ৪৫০ ছোঁয়া মুত্তিয়া মুরালিধরন। এ ছাড়া ভারতীয়দের মধ্যে অনীল কুম্বলের (৬১৯) পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন অশ্বিন। তার শিকার এখন ৪৫২টি।

টস জিতে ব্যাটিং নিয়ে ভয়াবহ শুরু পায় অস্ট্রেলিয়া। মাত্র ২ রানে দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা বিদায় নেন। এরপর লাবুশেন ও স্মিথের ব্যাটে এ বিপর্যয় সামাল দেয় অস্ট্রেলিয়া। অথচ মাত্র দুই বলে লাবুশেন ও ম্যাট রেনশকে তুলে নিয়ে আবারও অস্ট্রেলিয়াকে পথহারা করেন জাদেজা। পরে নিজের তৃতীয় শিকার স্মিথকে তুলে নিয়ে সফরকারীদের আরও বিপদে ফেলেন এ স্পিনার। টেস্টে এ নিয়ে তৃতীয়বার জাদেজার শিকার হলেন স্মিথ। এই ব্যাটারের ক্যারিয়ারে কোনো এক বোলারের কাছে সর্বোচ্চবার আউট হওয়ার নজির। ইনিংসের বাকি সময় জাদেজা ও অশ্বিনের ঘূর্ণিতে আর ইনিংস বড় করতে পারেনি অজিরা। এতে ২০০৫ অ্যাশেজের পর এই প্রথম কোনো টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসেই দুইশর কমে অলআউটের লজ্জায় পড়ল অস্ট্রেলিয়া।

অথচ একই পিচে বিপরীত চিত্র ভারতের ব্যাটিংয়ে। স্বাগতিক স্পিনাররা যেমন দাপুটে ছিলেন তেমনি কার্যকর হতে ব্যর্থ অস্ট্রেলিয়ার নাথান লায়ন ও টড মারফি। অভিষিক্ত মারফি দিন শেষের আগের ওভারে নিজের প্রথম উইকেট শিকার করেন। তবে ২০ রান করা লোকেশ রাহুল ভুল শট না খেললে উইকেট শূন্যই থাকতে হতো অস্ট্রেলিয়া। নাগপুরের পিচকে স্পিন ভয়ংকর বলা হলেও তাতে খুবই সাবলীল ছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ওয়ানডে স্টাইলে ৬৯ বলে ৫৬ রানের ইনিংসে ১টি ছক্কা ও ৯টি চার আছে তার। আজ দিনের শুরুতে থিতু হওয়া রোহিতকে না ফেরালে কপালে দুঃখ আছে অস্ট্রেলিয়ার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত