সংবাদপত্রের সুরক্ষায় পাঁচ প্রস্তাব নোয়াবের

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০২:১৫ এএম

বিশ্বায়ন ও ডিজিটাল মিডিয়ার যুগে সংবাদপত্র রুগ্ণ শিল্পে পরিণত হয়েছে। সারা বিশ্বের মতো বাংলাদেশেও ছাপা পত্রিকার সার্কুলেশন কমেছে এবং করোনা মহামারীতে তা আরও বিস্তৃত হয়েছে। এমন পরিস্থিতিতে এ শিল্পের টিকে থাকা কঠিন বলে উল্লেখ করেছেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি এ. কে. আজাদ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলনকক্ষে ২০২৩-২৪ অর্থবছরের প্রাক বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।

এ সময় নিউজপ্রিন্টের আমদানি শুল্ক প্রত্যাহার, টিডিএস ও এআইটি অব্যাহতি, মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতি, করপোরেট ট্যাক্স কমিয়ে আনা, কর্মীর আয়কর থেকে প্রতিষ্ঠানের দায়মুক্তিসহ পাঁচ দফা প্রস্তাবনা তুলে ধরেন। একই আলোচনায় অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) পক্ষ থেকেও কয়েকটি দাবি তুলে ধরা হয়। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে সভায় সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও দুই সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

নোয়াবের প্রস্তাবনায় বলা হয়েছে, নিউজপ্রিন্টের ওপর বর্তমানে আমদানি শুল্ক ৫ শতাংশ। এর সঙ্গে মূসক ১৫ শতাংশ ও এআইটি ৫ শতাংশ মিলে খরচ অনেক বেড়ে যাচ্ছে উল্লেখ করে আমদানি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে নোয়াব। সেই সঙ্গে বিজ্ঞাপন আয়ের ওপর ৪ শতাংশ টিডিএস ও কাঁচামালের ওপর ৫ শতাংশ এআইটি এবং নিউজপ্রিন্ট আমদানির ওপর ১৫ শতাংশ মূসক ধার্য করা হয়েছে। এ ক্ষেত্রে টিডিএস, এআইটি ও মূসক থেকে অব্যাহতির দাবি জানানো হয়েছে।

নোয়াবের প্রস্তাবনায় আরও বলা হয়েছে, তৈরি পোশাক শিল্প মুনাফা অর্জনকারী শিল্প হওয়ার পরও তার ট্যাক্স ১০-১২ শতাংশ। অথচ সংবাদপত্র একটি রুগ্ণ শিল্প হওয়া সত্ত্বেও করপোরেট ট্যাক্স ২৭.৫ শতাংশ নির্ধারিত আছে। বিদ্যমান হার ১০-১৫ শতাংশে নামিয়ে আনার দাবি জানানো হয়। এ ছাড়া কর্মীর আয়কর থেকে প্রতিষ্ঠানের দায়মুক্তি চেয়েছে নোয়াব।

আলোচনায় অংশ নিয়ে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, ‘সরকার সংবাদপত্রকে ঘোষণা করেছে শিল্প হিসেবে। পরে আবারও ঘোষণা করেছে সেবা শিল্প হিসেবে। কিন্তু সংবাদপত্র সরকারের কাছ থেকে কোনো সেবা, সাহায্য, সমর্থন পায় না। কোথাও একটা ঝামেলা-বিভেদ তৈরি হয়ে আছে। সেটা বের করার দায়িত্ব কার, সেটা আমি বলতে পারব না। কিন্তু আমি ১৪ বছর ধরে এ বৈঠকগুলোতে আসি। ২০১৪ সালের পর থেকে এ পর্যন্ত কোনো ক্ষেত্রে কোনো সামান্যতম সুযোগ-সুবিধা-ছাড় আমরা পাইনি। আপনারা যদি জিনিসটা বোঝেন এবং মানেন; তাহলে আমাদের দাবি রাখতে না পারার কোনো কারণ নেই।’

ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘একটি রাষ্ট্র বিকশিত হওয়ার জন্য ভালো কর ব্যবস্থা দরকার। কর-জিডিপি অনুপাত আমাদের এত কম, নেপালের থেকেও কম কেন হবে? আমরা এটা বিশ্বাস করি না। আমরা চাই আপনাদের সব কাজে যেখানে আপনারা মনে করেন ন্যায্য কর মানুষরা দিচ্ছে না বা করের আওতায় লোকজন আসছে না সেখানে আমরা সংবাদপত্র হিসেবে সাহায্য করতে পারি। এখন আপনাদের কোথায় দুর্বলতা এবং কোথায় আপনারা আটকে গেছেন, সেটা যদি শেয়ার করেন; আমরা সত্যিকার অর্থে আপনাদের পাশে দাঁড়াতে চাই। আমাদের দাবির পাশাপাশি পাবলিক ফোরাম হিসেবে আমাদের সমর্থন থাকবে।’

অ্যাটকোর পক্ষে প্রস্তাবনা তুলে ধরেন সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি ও টেলিভিশন চ্যানেল ডিবিসির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী। প্রস্তাবনা তুলে ধরে তিনি বলেন, সেবা রপ্তানি (ইউটিউব, ফেইসবুক ইত্যাদি) করে যে রেমিট্যান্স পাওয়া যায়, তা ব্যাংকে জমা হওয়ার সঙ্গে সঙ্গে ১০ শতাংশ উৎসে আয়কর কাটা হয়। যা মিডিয়া শিল্পের আয়ের তুলনায় অনেক বেশি। একই ধরনের বৈদেশিক ব্যক্তি-শ্রেণির ক্ষেত্রে আয়কর মুক্ত রাখা হয়েছে। এ ধরনের রেমিট্যান্সের জন্য মিডিয়া কোম্পানির ক্ষেত্রেও আয়কর মুক্ত রাখার দাবি জানান তিনি।

ইকবাল সোবহান তার বক্তব্যে বর্তমান আয়কর আইন অনুযায়ী, বিজ্ঞাপন বিল থেকে ৪ শতাংশ উৎসে আয়কর কাটার বদলে তা ২ শতাংশে নামিয়ে আনা, মিডিয়া শিল্পের ক্যাপিটাল মেশিনারিজ আমদানির ক্ষেত্রে অন্যান্য শিল্পের মতো শুল্ক ও ভ্যাট মুক্ত করা এবং ভারতীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশে প্রদর্শনের জন্য ডাউনলোড করার ক্ষেত্রে চার্জের পরিমাণ বাড়ানোর দাবি জানান।

নোয়াব ও অ্যাটকোর প্রস্তাবনা শোনার পর সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘করের আওতা বাড়াতে নানা পদক্ষেপ নিচ্ছি। ঠিকাদারদের টিন ও রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। অনেক কোম্পানির টিন সনদ দেখা হয়। এটার কারণে নেট (করজাল) বাড়ছে।’

এনবিআর বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সঙ্গে কাজ করছি। গাড়ির মালিক ট্যাক্স দেন কি না? আমরা ডিপিডিসি ও ডেসকোর সঙ্গে কাজ করছি। বাড়ির মালিক খুঁজে ট্যাক্স নেব। ঢাকার সব ফ্ল্যাটের মালিকের ট্যাক্স নেওয়া হবে। মিটারের মালিক ধরে বাড়ির মালিক খুঁজে ট্যাক্স নেওয়া হবে। সেই কাজ আমরা করে যাচ্ছি। সঞ্চয়পত্রের সঙ্গে ইন্ট্রিগেশন করছি। এভাবে কর বাড়ানোর কাজ করছি।’ এ সময় নোয়াব ও অ্যাটকোর প্রস্তাবনা বিবেচনার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান।

আলোচনায় নোয়াবের পক্ষে উপস্থিত ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ। অন্যদিকে অ্যাটকোর পক্ষে উপস্থিত ছিলেন দীপ্ত টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসান, মাছরাঙা টেলিভিশনের চিফ ফিন্যান্সিয়াল অফিসার আবদুল্লাহ আল যাবেদ, সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের ও বাংলাভিশনের চেয়ারম্যান আবদুল হক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত