আগামী জুলাই মাস থেকে প্রতিদিন ফজরের সময় থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক সাংবাদিকদের এ তথ্য জানান।
এম এ এন ছিদ্দিক বলেন, ‘জুলাই মাস থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেলের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করা হবে। তখন অফিসগামী মানুষও বেশি চলাচল করতে পারবে। এখন মেট্রোরেলের চলার সময় ও অফিস টাইমের সঙ্গে মিস ম্যাস রয়েছে। তা ছাড়া ১৮ ফেব্রুয়ারি উত্তরা সেন্টার স্টেশনটি চালু হবে। আর ১ মার্চ থেকে চালু হবে মিরপুর ১০ নম্বর মেট্রোরেল স্টেশন। এ ছাড়া আগামী ২৬ মার্চের মধ্যে আগারগাঁও থেকে উত্তরায় চলাচলের জন্য মেট্রোরেলের সব স্টেশনে যাত্রী ওঠানামা শুরু হবে।’
তিনি আরও বলেন, জুলাইয়ের মধ্যে সময়সীমা বাড়িয়ে সকাল থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চলাচলের পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী কাজ চলমান। বর্তমানে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলাচল করছে মেট্রোরেল। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকছে মেট্রোরেল স্টেশনে ঢোকার গেট। যারা পাস সংগ্রহ করেছেন, তাদের কোনো লাইনে দাঁড়াতে হচ্ছে না। সরাসরি টিকিট পাঞ্চ করে ট্রেনে উঠে যাচ্ছেন। মেট্রোরেল পুরোদমে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত চালু হলে ঘণ্টায় ৬০ হাজার ও দৈনিক পাঁচ লাখ যাত্রী পরিবহন করতে পারবে।
রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয় ২০১২ সালের জুলাই মাসে। এটি বাস্তবায়নের প্রাথমিক মেয়াদ ছিল ২০২৪ সালের জুন পর্যন্ত। যদিও পরে মেয়াদ বাড়ানো হয়। কিন্তু তার আগেই গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের একাংশ উদ্বোধন হয়েছে। এমআরটি লাইন-৬-এর উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত দৈর্ঘ্য ২১ দশমিক ২৬ কিলোমিটার)।
