ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

রাজধানীতে সড়ক আইনে এক বছরেই আড়াই লাখ মামলা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৪২ এএম

সড়ক পরিবহন আইনে যানবাহন ও চালকের বিরুদ্ধে ২০২২ সালে প্রায় ২ লাখ ৬৪ হাজার মামলা করা হয়েছে। একইসঙ্গে ৫৫ কোটি টাকা জরিমানাও আদায় করা হয়েছে। আর সাইবার অপরাধের ১৭১টি মামলায় গ্রেপ্তার হয়েছে ১১৫ জন।

গতকাল শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ ২০২২ সালে ২ হাজার ৩৭৭ জন নারী ও শিশুকে বিভিন্নভাবে সেবা দিয়েছে। সাইবার অপরাধের ১৭১টি মামলায় ১১৫ জন; ৩৫টি মামলায় ৮৭ জঙ্গি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬ হাজার ৩৫টি মামলায় ২১ হাজার ৯৮০ জন, অস্ত্র ও গোলাবারুদ মামলায় ৪১০ জন এবং ১৬৯টি চোরাচালান মামলায় শতাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এ সময়ে। নারী ও শিশু নির্যাতন আইনে ২ হাজার ১০টি মামলায় ১ হাজার ৭০৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়াও, ডিএমপি ২০২২ সালে ১৩ হাজার ২৯১.৫ কেজি গাঁজা, ৫৫ কেজি হেরোইন, ৪০ লাখ ৯৩ হাজার ৬০০ পিস ইয়াবা, ৫৬ হাজার ৭৯৪ ক্যান বিয়ার, ৫১ হাজার ২৫৭ বোতল ফেনসিডিল, ৮ হাজার ২৫ বোতল বিদেশি মদসহ অন্য নতুন নতুন ভয়ংকর মাদকদ্রব্য, ৬৫টি আগ্নেয়াস্ত্র, ২৫২ রাউন্ড গুলি, ৪ হাজার ২৬৮ কেজি বিস্ফোরকদ্রব্য উদ্ধার করেছে।

উল্লেখ্য, ১৯৭৬ সালের ১ ফেব্রুয়ারি ১২টি থানা এবং সাড়ে ৬ হাজার জনবল নিয়ে যাত্রা শুরু করে ডিএমপি। বিশ্বের অন্যতম বড় মেগাসিটি ঢাকায় বর্তমানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই কোটি মানুষ বাস করেন। অনেক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, কূটনৈতিক মিশনসমূহ, শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্প-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান এ মহানগরীতে অবস্থিত। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার পাশাপাশি অপরাধ প্রতিরোধ ও দমন, ভিআইপি গমনাগমন, নিরাপদ ব্যবসার পরিবেশ নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর আস্থা ও নির্ভরতা অর্জনে সফল হয়েছে।

বর্তমানে ডিএমপির ৫৭টি বিভাগ ও ৫০টি থানা রয়েছে। ১ জন পুলিশ কমিশনার, ৬ জন অতিরিক্ত পুলিশ কমিশনার, ১২ জন যুগ্ম পুলিশ কমিশনার, ৫৭ জন উপপুলিশ কমিশনারসহ প্রায় ৩৪ হাজার পুলিশ সদস্য কর্মরত রয়েছেন।

চলতি বছরের ১১ ফেব্রুয়ারি (আজ) ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের দিন ঠিক করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিভিন্ন সাফল্যের বিষয় তুলে ধরে বলা হয়েছে, কাজের পরিধি বেশি হওয়ায় অন্য ইউনিটের থেকে অনেক বেশি আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে ডিএমপিকে গড়ে তোলা হয়েছে। শুরুতে আধুনিকতার তেমন ছোঁয়া না থাকলেও ডিজিটাল যুগে প্রবেশের সঙ্গে অপরাধের ধরন অনুযায়ী তা মোকাবিলা ও প্রতিরোধে পর্যায়ক্রমে গঠন করা হয় নতুন নতুন ইউনিট।

রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা রক্ষায় প্রযুক্তিনির্ভর দক্ষ টিম গড়তে ডায়নামিক রেসপন্স ইন্টিলিজেন্ট মনিটরিং সিস্টেম (ডিআরআইএমএস) ও সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস), সাসপেক্ট আইডেনটিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম (এসআইভিএস), ফেইসম্যাচিং, সিআইএ ল্যাব, আইপি ট্র্যাকার, সাইবার বুলিং অ্যান্ড ক্রাইম মনিটরিং সিস্টেম, ওয়ান স্টপ সার্ভিস, অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর সিসিটিভি মনিটরিং সিস্টেম, হ্যালো সিটি অ্যাপ, সিডিএমএস ও পিআইএমএস ইতিমধ্যে চালু করা হয়েছে।

শনিবার (আজ) বেলা ৩টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে ডিএমপির ৪৮তম প্রতিষ্ঠা দিবসের আনুষ্ঠানিকতা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সেখানে উপস্থিত থাকবেন। পরে বিকেলে ৪টায় কেক কেটে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিকেল সোয়া ৪টায় রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে ডকুমেন্টারি প্রদর্শন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত