গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল, আটাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেলসহ কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে আজ রবিবার রাজধানী ঢাকায় পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের পদযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক গতকাল বিকেলে দেশ রূপান্তরকে বলেন, 'দুপুর ২টায় শ্যামলী ক্লাব মাঠ এলাকায় নেতাকর্মীরা জড়ো হবেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পদযাত্রা কর্মসূচির শুরু হবে। মাঠ থেকে শুরু হয়ে রিং রোড-শিয়া মসজিদ-তাজমহল রোড-নুরজাহান রোড-বিআরটিসি বাস স্ট্যান্ড মোড়-আল্লাহ করিম মসজিদ হয়ে বসিলা সাত রাস্তা মোড় গিয়ে শেষ হবে। পদযাত্রায় নেতৃত্ব দিবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক।
যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু দেশ রূপান্তরকে বলেন, পদযাত্রা কর্মসূচি সফল করতে য্বুদল কেন্দ্রীয় সংসদের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতাকর্মীরা অংশ নেবেন। ইতিমধ্যে তারা তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে।
এ ছাড়া ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য সংগঠন পদযাত্রা কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছেন বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট সংগঠনের শীর্ষ নেতারা।
