নিত্যপণ্যের দাম কমানো এবং বর্তমান সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে গতকাল শনিবার দেশজুড়ে ইউনিয়ন পর্যায়ে বিরোধী দল বিএনপির পদযাত্রা কর্মসূচি ঘিরে বিভিন্ন জায়গায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। বিএনপির এই কর্মসূচির বিপরীতে ক্ষমতাসীন আওয়ামী লীগও গতকাল সারা দেশে ইউনিয়ন পর্যায়ে শান্তি-সমাবেশ কর্মসূচি পালন করে। সবমিলিয়ে দু’দলই এদিন রাজপথে শোডাউনের মাধ্যমে নিজেদের সাংগঠনিক শক্তির প্রমাণ দেওয়ার চেষ্টা করে। ফলে বিভিন্ন জায়গায় সংঘাতের ঘটনা ঘটে।
তবে শান্তি-সমাবেশে বিএনপি অতর্কিত হামলা চালিয়ে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গতকালের সংঘাতে দল দুটির নেতাকর্মী ও পুলিশ সদস্যসহ কমপক্ষে ১৫৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দলীয় কার্যালয়, ব্যবসাপ্রতিষ্ঠান, বাড়িঘর ও যানবাহন ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি জায়গায় শটগানের গুলি ও টিয়ার গ্যাস শেল ছোড়ে পুলিশ। গ্রেপ্তার করা হয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বেশ কয়েক নেতাকর্মীকে।
সবচেয়ে বড় সংঘাতের ঘটনা ঘটে জামালপুর ও সিরাজগঞ্জে। জামালপুরের কয়েক জায়গায় পদযাত্রা কর্মসূচিতে হামলা করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এতে বিএনপির কমপক্ষে ৪০ নেতাকর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। অন্যদিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নে শান্তি-সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। এ ছাড়া ১৩টি মোটরসাইকেল এবং বেশকিছু দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বিস্তারিত প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরে:
জামালপুরে পদযাত্রায় আ.লীগের হামলা: সারা দেশের মতো গতকাল সকালে জেলার সাতটি উপজেলার ৬৮টি ইউনিয়নে বিএনপির পদযাত্রা কর্মসূচি পালিত হয়। এ কর্মসূচি পালনকালে সদর উপজেলার তিতপল্লা, ঘোড়াধাপ, দিগপাইত ও বাঁশচড়া ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা হয়। এসব হামলায় দলটির কমপক্ষে ৪০ নেতাকর্মী আহত হন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন অভিযোগ করে বলেন, তাদের পদযাত্রা কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় একটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনা ঘটে। এ ছাড়া পুলিশ তিতপল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে।
তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ শান্তি সমাবেশে হামলা চালিয়েছে বিএনপি। মূল ঘটনা হচ্ছে এটা। এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা বলতেছে, ওদের পদযাত্রায় আমরা হামলা করেছি।’
জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, ‘আওয়ামী লীগের সমাবেশে বিএনপি হামলা করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের ওপরও হামলা চালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩৪ রাউন্ড শটগানের গুলি ও ৪ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।’
সিরাজগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষ: সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া বাজার এলাকায় সকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্তি সমাবেশ শুরু করে। এর পাশ দিয়ে বিএনপির পদযাত্রা যাওয়ার সময় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে ২০ নেতাকর্মী আহত হয়। এ ছাড়া আওয়ামী লীগ নেতাকর্মীদের ১৩টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বেশকিছু দোকানে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, ‘দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’
আড়াইহাজারে বিএনপি-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি ও পুলিশ সদস্যদের মাঝে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে। গতকাল দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাচরুখী এলাকায় এ ঘটনা ঘটে। এতে পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাসুম শিকারীর দাবি, তাদের পদযাত্রায় পুলিশ হামলা চালানোর পাশাপাশি গুলি ছোড়ে। তবে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদারের দাবি, তারা শুধু মহাসড়কে অবস্থান নেওয়া বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনার সময় পুলিশ ৪০ রাউন্ড গুলি ও ৩টি টিয়ার শেল ছোড়ে।
নাটোরে শান্তি সমাবেশ থেকে পদযাত্রায় হামলা: গতকাল বেলা ১১টায় সিংড়া উপজেলার ১২টি ইউনিয়ন বিএনপির পদযাত্রা কর্মসূচি শুরু হয়। কর্মসূচি চলাকালে রামানন্দ খাজুরা ইউনিয়নের কৈগ্রাম বাজারে লাঠিসোটা নিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এতে বিএনপির দুই নেতা আহত হন। এ ছাড়া চৌগ্রাম ইউনিয়নে হামলা ৭ বিএনপি নেতাকর্মী আহত হন। উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ অভিযোগ করে বলেন, বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের শান্তি সমাবেশ থেকে বিএনপির পদযাত্রায় হামলা হয়েছে।
লালমনিরহাটে আ.লীগ-বিএনপি সংঘর্ষ: জেলার মহেন্দ্রনগর ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় দলের অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয় বিএনপি নেতাকর্মীদের মোটরসাইকেল ও বিএনপির দলীয় কার্যালয়। আর সন্ধ্যায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া দুপুরে হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন বিএনপির পদযাত্রার প্রস্তুতিকালে ছাত্রলীগ ও যুবলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বিএনপির ছয় কর্মী আহত হন।
যশোরে পদযাত্রায় পুলিশের লাঠিচার্জ: যশোরে পদযাত্রায় লাঠিপেটা করেছে পুলিশ। বিকেল ৩টার দিকে সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বাউলিয়ায় এ ঘটনা ঘটে। বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত অভিযোগ করে বলেন, পেছন থেকে হামলা করে পুলিশ। কোনো কারণ ছাড়াই শান্তিপূর্ণ পদযাত্রায় লাঠিচার্জ শুরু করে পুলিশ। এতে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান।
টাঙ্গাইলের বিএনপির লাঠি মিছিল, গ্রেপ্তার ২: টাঙ্গাইল সদর উপজেলার ১২টি ইউনিয়নে লাঠি মিছিল করেছে বিএনপি। কর্মসূচি পালনকালে করটিয়া ইউনিয়নে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। এ সময় করটিয়া ইউনিয়ন বিএনপি নেতা সৈয়দ জাদিদুল হক জাদিদ, মাসুদ নামে দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। এ ছাড়াও শুক্রবার রাতে সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাবেক জিএস সৈয়দ বাবুলকে গ্রেপ্তার করা হয় বলেও জানান তিনি।
শ্রীপুরে পদযাত্রার মিছিলে ছাত্রদল কর্মীর হাতে পিস্তল: গাজীপুরের শ্রীপুরে বিএনপির পদযাত্রা থেকে পিস্তল উঁচিয়ে এক ছাত্রদল কর্মী আওয়ামী লীগ নেতাকর্মীদের ভয় দেখিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বরমী ইউনিয়নের পদযাত্রায় এ ঘটনা ঘটে। মিছিলে পিস্তল উঁচিয়ে তাক করা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে বিএনপি নেতারা বলেন, বহু আগের ছবি সামনে এনে তাদের ওপর হামলার বিষয়টি আড়াল করতে চাচ্ছে আওয়ামী লীগের লোকজন। বরং বিএনপির পদযাত্রায় হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে অন্তত ২০ নেতাকর্মী আহ হয়েছে। পিস্তল হাতে ছবি ছড়িয়ে পড়া ওই যুবকের নাম জাহিদ হাসান ওরফে উত্তইরা জাহিদ (২৫)। সে বরমী এলাকার ৮ নম্বর ওর্য়াডের মৃত সাইফুর রহমানের ছেলে। বিএনপি বলছে, সে ছাত্রদলের কর্মী হতে পারে তবে কোনো পদ-পদবি নেই। পুলিশ বলছে, এ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।
মির্জাপুরে পদযাত্রার প্রস্তুতিকালে বিএনপি নেতা গ্রেপ্তার: টাঙ্গাইলের মির্জাপুরে পদযাত্রার প্রস্তুতিকালে বহুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুর ১২টার দিকে বহুরিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, আলহাজ হোসেনের বিরুদ্ধে আগের মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মাগুরায় যুবদল-ছাত্রদলের তিন নেতাকে আটকের অভিযোগ: বিকেলে সদর উপজেলার ৩নং কছুন্দী ইউনিয়ন বিএনপি পদযাত্রার আযোজন করে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর অভিযোগ করেন, পদযাত্রা শেষে পুলিশ জেলা যুবদলের সহসভাপতি আমিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মীর ইমন ও ছাত্রদলের সাবেক সহসভাপতি সোহেল আহম্মেদকে আটক করেছে। তবে সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান তাদের আটকের বিষয়টি অস্বীকার করেছেন।
বরগুনায় পুলিশ-আ.লীগের বাধায় পণ্ড পদযাত্রা: বরগুনার বামনা, বেতাগী ও পাথরঘাটার বেশ কয়েকটি ইউনিয়নে পুলিশি বাধা ও আওয়ামী লীগ কর্মীদের হামলায় পণ্ড হয়ে গেছে পদযাত্রায়। বিভিন্ন স্থানে পুলিশের লাঠিপেটা ও আওয়ামী লীগ কর্মীদের হামলায় বিএনপির কমপক্ষে ২০ জন নেতাকর্মী আহত হন বলে দাবি দলটির নেতাদের।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তালিমুল ইসলাম পলাশ বলেন, ‘কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড আমাদের করতে দেওয়া হচ্ছে না। এরকম চলতে থাকলে এর ভবিষ্যৎ খুবই খারাপ হবে।’ তবে বেতাগী থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, ‘পদযাত্রা কর্মসূচিতে উচ্ছৃঙ্খল আচরণের কারণে পুলিশ হয়তো বাধা দিয়েছে।’
পলাশে মঈন খানের পদযাত্রায় পুলিশের বাধা: নরসিংদীর পলাশে পুলিশ ব্যানার ছিনিয়ে নিয়ে পদযাত্রা কর্মসূচি বানচাল করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। সকালে জিনারদী ইউনিয়নের চরনগরদী এলাকায় পদযাত্রা কর্মসূচি পালনকালে এ ঘটনা ঘটে বলে বলে অভিযোগ করেন তিনি। তবে পদযাত্রা কর্মসূচি পালনের পূর্ব অনুমতি না থাকায় তাদের কর্মসূচি পালন করতে নিষেধ করা হয়েছে বলে জানিয়েছেন পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ।
খুলনায় পুলিশের বাধা: খুলনায় পুলিশের বাধার মধ্য দিয়ে পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। বেলা ১১টায় ডুমুরিয়া সদর ইউনিয়ন বিএনপির পদযাত্রা শুরু হয়। ডুমুরিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সামনে পৌঁছালে পুলিশ বাধা দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ ছাড়া রূপসা ও পাইকগাছা উপজেলায় পুলিশের বাধায় পদযাত্রা করা সম্ভব হয়নি বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তবে নগরীর আড়ংঘাটা ও আটরা-গিলাতলা ইউনিয়নে শান্তিপূর্ণভাবে পদযাত্রা হয়েছে।
দুমকিতে হাতাহাতি: পটুয়াখালীর দুমকির মুরাদিয়া ইউনিয়ন বিএনপির পদযাত্রায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা, হাতাহাতি ও মৃদু সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকাল সাড়ে ১০টায় বোর্ড অফিস বাজার থেকে ইউনিয়ন বিএনপির শতাধিক নেতাকর্মীর পদযাত্রাটি জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৌঁছে সমাবেশে শুরু করে। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালায়। তখন দুপক্ষের মধ্যে হাতাহাতি, মাইক ভাঙচুর ও মৃদু সংঘর্ষ হয়। এতে বিএনপির অন্তত ৬ কর্মী আহত হয়।
মোংলায় পদযাত্রা ঘিরে পুলিশি হয়রানির অভিযোগ: বাগেরহাটের মোংলায় পদযাত্রা কর্মসূচি ঘিরে গত শুক্রবার রাতে ও গতকাল ভোরে পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি, হয়রানি ও ধরপাকড় চালায় বলে অভিযোগ করেছেন দলটির নেতারা।
আ.লীগের সমাবেশে হামলার অভিযোগ কাদেরের : আওয়ামী লীগের পূর্বনির্ধারিত শান্তিপূর্ণ সমাবেশে বিএনপি অতর্কিত হামলা চালিয়ে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী সংগঠন বিএনপি গণতন্ত্রের নামে, রাজনৈতিক কর্মসূচির নামে বরাবরের মতো সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত হয়েছে। সারা দেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচির নামে আজ (গতকাল) সিরাজগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, যশোরসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস সৃষ্টি করেছে বিএনপির সশস্ত্র ক্যাডার বাহিনী।’
প্রতিবেদনটিতে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট জেলা-উপজেলার প্রতিনিধি ও সংবাদদাতারা
