বরিশালকে বিদায় করে কোয়ালিফায়ারে রংপুর

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:১৭ পিএম

শেষ ওভারে প্রয়োজন ছিল ৮ রান। বোলিংয়ে এলেন ফরচুন বরিশালের কামরুল ইসলাম রাব্বি। তার প্রথম ডেলিভারিতে সিঙ্গেল নিলেন দাসুন শানাকা। পরের বলটিতে স্কুপ করে সীমানা ছাড়া করলেন শেখ মাহেদী। তৃতীয় বলে এডজ হয়ে ফের চার। আর তাতেই দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত হয়ে যায় রংপুর রাইডার্সের।

আজ মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বরিশালকে ৪ উইকেটে হারিয়েছে রংপুর। এই হারে বিপিএল থেকে বিদায় নিশ্চিত হয়েছে সাকিব আল হাসানের ফরচুন বরিশালের।

বরিশালকে হারানোর পথটা সহজ করে দিয়েছিলেন রংপুরের ব্যাটসম্যান শামীম হোসেন পাটোয়ারি। তার ধুন্ধুমার ব্যাটিংয়ে ৫১ বলে ৭১ রান করে আউট হন খালেদ আহমেদের বলে। খেলা শেষে তিনিই জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।

তার আগে টস হেরে ব্যাটিংয়ে নামে সাকিবের ফরচুন বরিশাল। এদিনও ওপেনিংয়ে ব্যাট করতে নামেন মেহেদী হাসান মিরাজ। অ্যান্ড্রু ফ্লেচারকে সঙ্গে নিয়ে উদ্বোধনীতে গড়েন ৪৬ রানের জুটি। যদিও ফ্লেচার আউট হয়েছেন মাত্র ১২ রানে। তবে মিরাজ ব্যাট হাতে এদিন জ্বলে উঠেছিলেন। ৪৮ বল খেলে গড়েন ৬৯ রানের এক ইনিংস। তার ব্যাট খেকে আসে ৯টি চার ও ১টি ছক্কা।

দেশের ক্রিকেটে মাহমুদউল্লাহ রিয়াদ ছিলেন সাইলেন্ট কিলার। প্রয়োজনে সময় জ্বলে ওঠার জুড়ি আছে তার। আজও তার ব্যাট হেসেছিল। ২১ বলে এক ছক্কা আর চার চারে করেন ৩৪ রান। তবে ইনিংসটি বড় করার আগেই শানাকার বলে বোল্ড হয়ে ফিরে যান। শেষ বেলায় করিম জানাতের ৩৩ ও ভানুকা রাজাপাকশের ব্যাটে ১৭ রানে ভর করে তিন উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে বরিশাল।

এদিন ব্যাট হাতে নামতে দেখা যায়নি সাকিব-বিজয়দের। তবে তাদেরকে ছাড়াই রংপুরকে ১৭১ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বরিশাল।

সেই রান তাড়া করতে নেমে শুরতেই হোঁচট খায় রংপুর। প্রথম ওভারের ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি মোহাম্মদ নাইম। আউট হয়ে যান সাকিব আল হাসানের বলে। তাতে চাপে পড়ে যায় রাইডার্সরা। সেই চাপ সামাল দেন শামীম হোসেন পাটোয়ারি ও রনি তালুকদার। দুজনেই মিলে পাওয়ার প্লেতে ঝড়ো ব্যাট চালান। গড়েন ৬১ রানের জুটি। যা ভাঙে রাব্বির বলে রনির বিদায়।

ফেরার আগে ১৭ বলে দুটি করে ছক্কা চারে ২৯ রান করেন রনি। তবে অন্য প্রান্ত আগলে ছিলেন শামীম পাটোয়ারি। নুরুল হাসান সোহান, নিকোলাস পুরানসহ ও দাসুন শানাকা পর্যন্ত তার সঙ্গে জুটি গড়েন আজ। তবে জয় থেকে মাত্র ৩১ রান দূরে থাকতেই বিদায় নেন পেসার খালেদ আহমেদের বলে। ফেরার আগে তার ব্যাট থেকে আসে চারটি করে ছক্কা ও চার।

শামীমের বিদায়ের পর ডোয়াইন ব্র্যাভো এসেও টিকেননি ৩ বলের বেশি। তবে শানাকাকে নিয়ে বাকিটা পথ পাড়ি দিতে অসুবিধা হয়নি শেখ মাহেদীর। ৪ উইকেটের জয়ে রংপুর চলে যায় দ্বিতীয় কোয়ালিফায়ারে। বিপিএলের নবম আসর থেকে বিদায় নিশ্চিত হয় ফরচুন বরিশালের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত