পাঠ্যবইয়ে ভজঘট!

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫১ পিএম

মিসর, চীন, বেবিলন, পারস্য, মেসোপটেমিয়া, মহেঞ্জোদারো, হরপ্পা প্রভৃতি বৈশিষ্ট্যপূর্ণ সভ্যতা পৃথিবীতে গড়ে উঠলেও শিক্ষাব্যবস্থার উৎকর্ষের দিক দিয়ে গ্রিকদের অবদান সবচেয়ে বেশি। মানব সভ্যতার উন্নতি ও শিক্ষা পাশাপাশি চললেও প্রাচীন গ্রিক রাষ্ট্র স্পার্টা বা এথেন্সে সর্বপ্রথম ‘শিক্ষার মৌলিক নীতি’ পরিলক্ষিত হয়। সুতরাং শিক্ষার ঐতিহ্য নির্ণয় করার ভিত্তি হিসেবে গ্রিক সভ্যতাকে গণ্য করা শ্রেয়।

আধুনিক শিক্ষার গোড়াপত্তন হয়েছে গ্রিসে। এ জন্য গ্রিসকে বলা হয় আধুনিক শিক্ষার জন্মভূমি। শিক্ষা, সভ্যতা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, সাহিত্য, দর্শন ও বিজ্ঞানেি গ্রিকরা ছিল সবার আদর্শ। গ্রিকদের এসব উন্নতির পশ্চাতে রয়েছে, উন্নত মানের শিক্ষাব্যবস্থা। দেখা যাচ্ছে, যে দেশে শিক্ষার যত প্রসার ঘটেছে জ্ঞান-বিজ্ঞানে তারাই উন্নত। সেই সভ্যতার হাজার বছর পার হয়েছে। আমরা আছি, ২০২৩ সালে। এখনো, এই মুহূর্তে একটি সঠিক পাঠ্যক্রম তৈরি করতে পারছি না। বছর শুরুতেই বিষয়-বৈচিত্র্য নিয়ে ঝকমকা বই, শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছি। সেখানেও, কিম্ভূতকিমাকার চিন্তাহীন সামঞ্জস্যহীন তথ্য। দুটি বই প্রত্যাহারের মধ্য দিয়ে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হাজার মানুষের সমালোচনা এবং ব্যঙ্গ-বিদ্রƒপকেই সঠিক হিসেবে প্রতিষ্ঠিত করলেন! কিন্তু, এই দায় মূলত কোন কোন জ্ঞানীজনের?

গতকাল দেশ রূপান্তরে প্রকাশিত ‘কাঁচা হাতে বড় কাজ’ শিরোনামের সংবাদে, বিষয়টি বিস্তারিত প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদে বলা হয়েছে তাড়াহুড়ো করে নতুন শিক্ষাক্রম চালু করতে গিয়ে বড় বিপদে পড়েছে শিক্ষা মন্ত্রণালয়। ইতিমধ্যে দুটি বই প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। আরও তিনটি বইয়ে, বড় ধরনের সংশোধন আসছে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রকাশিত সংবাদে আরও জানা যায়, এনসিটিবির সদস্য অধ্যাপক মো. মশিউজ্জান বলেছেন, যে দুটি বই প্রত্যাহার করা হয়েছে, তা এ বছর আর দেওয়া হবে না। কারণ ঐ বই দুটির দুটি অংশ ছিল। এখন যে অংশটি রয়েছে, তা দিয়েই বিষয়টি কাভার হবে। শিক্ষার্থীদের শিখনে কোনো সমস্যা হবে না বলেই, বই দুটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের অনুশীলন বইয়ে আমরা নানা বিশ্বের নানা সভ্যতার ইতিহাস তুলে ধরেছি। এসব ইতিহাসকে প্রদর্শন করতে গিয়ে ‘অনুসন্ধানী পাঠে’ মিসরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা ও মেসোপটেমিয়া সভ্যতাগুলো এসেছে, প্রাচীন দেব-দেবী নিয়ে কথা এসেছে, তাদের সংস্কৃতির নানা ছবি ব্যবহার হয়েছে। যদি ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বাচ্চাদের জন্য প্রাচীন সভ্যতার বিষয়টি কঠিন হয়ে যায়, তাহলে তা আমরা কমিটির সঙ্গে আলোচনা করে ওপরের শ্রেণিতে নিয়ে যাব।’

চমৎকার কথা বলেছেন। কিন্তু একটা খটকা থাকে। প্রশ্ন ওঠা স্বাভাবিক, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীর জন্য কোন বিষয়টি বোধগম্য আর কোনটি নয় সেটা কি পাঠ্যপুস্তক তৈরিতে যুক্ত বিজ্ঞজন, জ্ঞাত নন! তারা জানেন না, কোন বিষয়টি কোন বয়সীদের জন্য? প্রকাশিত সংবাদে আরও জানা যায় ২০২৩ শিক্ষাবর্ষের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির জন্য প্রণীত পাঠ্যপুস্তকের অসংগতি, ভুল বা ত্রুটি চিহ্নিত করে তা সংশোধনে প্রয়োজনীয় সুপারিশের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) পরিচালক আব্দুল হালিমকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির মতামতের আগেই দুটি বই প্রত্যাহার করে নেওয়া হলো।  এছাড়া ভুল-ত্রুটির জন্য দায়ীদের খুঁজে বের করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব খালেদা আক্তারকে আহ্বায়ক করে আরেকটি কমিটি করা হয়েছে। ইতিমধ্যে সপ্তম শ্রেণির বিজ্ঞান ‘অনুসন্ধানী পাঠ’ বইয়ের ভুলের দায় স্বীকার করেছেন, ওই বইটির সম্পাদক অধ্যাপক মো. জাফর ইকবাল ও হাসিনা খান।

প্রশ্ন হচ্ছে তাই-ই যদি হবে, তাহলে এত জল ঘোলা করা কেন? আরও আগেই তা করা যেত। দায় স্বীকার করে, বিবৃতি দিলেই হতো সমস্যার সমাধান। এত হৈ-হল্লা, হতো না। তবে ভবিষ্যতে এমনটি যেন না হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সেদিকে কঠোর নজরদারি দরকার। মনে রাখতে হবে, এর সঙ্গে জড়িয়ে আছে লাখ লাখ কোমলমতি শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ আগামীর নতুন দিগন্ত, ওদেরই হাতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত