শর্তসাপেক্ষে ফের চালুর প্রস্তাব সিএসইর

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৪ এএম

নির্দিষ্ট হারে কর প্রদান সাপেক্ষে পুঁজিবাজারে বিনিয়োগ করা অর্থের উৎস সম্পর্কে কোনো প্রশ্ন না তোলার বিধানটি ফের চালু করার প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। একই সঙ্গে কোম্পানি শেয়ারের লভ্যাংশ থেকে উৎসে কর কর্তনের বিধান বাতিল করার পাশাপাশি ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত লভ্যাংশ ১ লাখ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে সিএসই। অপর দিকে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত প্রতিষ্ঠানের করপোরেট কর হারের পার্থক্য বাড়ানোর প্রস্তাব দিয়েছে।

গতকাল আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন ভবনের সম্মেলনকক্ষে ২০২৩-২৪ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন ডিএসই ও সিএসইর প্রতিনিধিরা।

সরকার ২০২১ সালে পুঁজিবাজারে এক বছর বিনিয়োগ রাখার শর্তে কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রেখেছিল। একইসঙ্গে এই নিশ্চয়তা দেওয়া হয়েছিল যে, যারা অপ্রদর্শিত আয়ের টাকা বৈধ করে নেবে, তাদের কাছে অর্থেক উৎস সম্পর্কে কোনো কর্তৃপক্ষই জানতে চাইবে না। তবে গত বাজেটে পুঁজিবাজারে অপ্রদর্শিত আয়ের টাকা কর দিয়ে সাদা করার সুযোগও বাতিল করা হয়। তবে পুঁজিবাজারে কালো টাকার বিনিয়োগ তেমন উল্লেখযোগ্য পরিমাণে না এলেও শর্তসাপেক্ষে বিধানটি ফের চালুর দাবি জানিয়েছে সিএসই।

কালো টাকা বিনিয়োগের সুযোগ ছাড়াও জিরো কুপন বন্ডের মতো অন্যান্য বন্ডের আয়কে কর অব্যাহতি প্রদান করা ও ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়ের সীমা ৩ লাখ থেকে ৪ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব করেছে সিএসই। আর ডিএসই তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির কর হারের ব্যবধান বাড়ানোর দাবি জানিয়ে এনবিআরকে প্রস্তাব দিয়েছে। ডিএসই জানায়, বর্তমানে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত প্রতিষ্ঠানের করপোরেট কর হারের পার্থক্য সাড়ে সাত শতাংশ। এই করহারের ব্যবধান সাড়ে ১২ শতাংশে উন্নীত করার প্রস্তাব দিয়েছে ডিএসই। এছাড়া লেনদেনের ক্ষেত্রে বর্তমানে শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ হারে উৎসে কর কাটা হয়। সেখান থেকে কমিয়ে শূন্য দশমিক শূন্য ১৫ শতাংশ করতে চায় ডিএসই।

অন্যদিকে বাণিজ্যিক ব্যাংকের করপোরেট করের হার ৩৭ দশমিক ৫ থেকে ৩০ শতাংশ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। গতকাল এনবিআরে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) মার্চেন্ট ব্যাংকের করপোরেট হার ২৫ শতাংশ করার পাশাপাশি পুঁজিবাজারে গতিশীলতা আনতে লভ্যাংশের ওপর কর প্রত্যাহারের সুপারিশ করেছে। সংগঠনের পক্ষ থেকে লিখিত বক্তব্য জমা দেন মিজান চৌধুরী।

প্রাক-বাজেট আলোচনায় স্বাস্থ্য বীমার প্রসারে এ খাতের ওপর থেকে ট্যাক্স রহিত করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ইমাম শাহিন বলেন, বীমা আইনে জীবন বীমা পলিসির প্রিমিয়ামের কোনো ভ্যাট প্রদান করতে হয় না। আবার এককভাবে স্বাস্থ্য বীমা করলে ১৫ শতাংশ ভ্যাট প্রদান করতে হয়। কিন্তু কোনো বীমা গ্রহীতা জীবন বীমার সঙ্গে স্বাস্থ্য বীমা যুক্ত করে পলিসি করলে স্বাস্থ্য বীমার ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রদান করতে হয়। এতে প্রিমিয়ামের মাত্রা বেড়ে যায়। স্বাস্থ্য বীমার প্রতি আগ্রহ বাড়াতে, এর ওপর ট্যাক্স রহিত করার প্রস্তাব করেন তারা। এছাড়া জীবন বীমা পলিসি হোল্ডারদের মুনাফার ওপর ৫ শতাংশ ট্যাক্স প্রত্যাহারের প্রস্তাবও করে সংগঠনটি।

সবার দাবি শোনার প্রেক্ষাপটে এনবিআর চেয়ারম্যান বলেন, আমি আশা করব যার যার ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে যেন দাবি না আসে। আমরা যতটুকু গ্রহণ করতে পারব তা করব। আপনাদের যে প্রস্তাবনাগুলো দিয়েছেন তা দেখলাম, নিশ্চিত থাকতে পারেন প্রতিটি প্রস্তাব আমরা যাচাই করে দেখব। সবকিছুর মূলভিত্তি থাকবে রাজস্ব আদায়, ব্যবসা সহজীকরণ, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করা, কর্মসংস্থান নিশ্চিত করা, শিল্পায়ন তৈরি করা ইত্যাদি।

আলোচনায় বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মো. ওমর ফারুক, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাত্বিক আহমেদ, ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।

ইআরএফের প্রস্তাব নতুন কর আরোপ না করে করের আওতা বাড়ানোর সুপারিশ করেছে অর্থনীতি বিটের সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)। সংগঠনটির পক্ষ থেকে করমুক্ত আয়সীমা বাড়ানো, রাজস্ব ফাঁকি বন্ধ করা, বকেয়া আদায়ে জোর দেওয়া, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো চালু করাসহ আগাম কর রিফান্ড ব্যবস্থা শক্তিশালী করা, এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) বিষয়টি বিবেবচনায় রেখে শুল্কহার যৌক্তিক করার কথা বলা হয়েছে। বাংলাদেশের সীমিত আয়ের জনগণকে কিছুটা স্বস্তি দিতে ব্যক্তি খাতে করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা নির্ধারণ করার প্রস্তাব দেয় সংগঠনটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত