২০২৭ সালের মধ্যে ৭৫ শতাংশ লেনদেন হবে ‘ক্যাশলেস’

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৪ এএম

গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, আগামী ৪ বছরের মধ্যে পুরোপুরি না হলেও ৭৫ শতাংশ লেনদেন অনলাইনভিত্তিক (ক্যাশলেস) করার চেষ্টা করছি। মানুষ নগদ টাকার ব্যবহার যত কম করবে; অর্থনৈতিক কার্যক্রম তত বাড়বে। গতকাল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে এক সমঝোতা স্মারকের অনুষ্ঠানে এ কথা বলেন গভর্নর।

এই সমঝোতার ফলে বিডার ওয়ান স্টপ সার্ভিসে বাংলাদেশ ব্যাংকের আট সেবা পাওয়া যাবে। এ প্রক্রিয়ায় অংশ নিয়েছে আরও তিনটি বাণিজ্যিক ব্যাংক। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে পাঁচ পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া। ব্যবসা সহজীকরণ নিশ্চিত করতে আগামী ছয় মাসের মধ্যে বিডা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে ১৫০টি পরিষেবা দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। বর্তমানে ওয়ান স্টপ সার্ভিসে ৬৭টি পরিষেবা পাওয়া যাচ্ছে এবং খুব শিগগিরই আরও ১২টি পরিষেবা যুক্ত হবে।  

সমঝোতা স্মারক অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের যে আটটি সেবা বিডার ওয়েবসাইটে পাওয়া যাবে তার মধ্যে রয়েছে অফশোর ব্যাংকিং ইউনিট থেকে বৈদেশিক মুদ্রায় মেয়াদি ঋণ গ্রহণের অনুমতি, পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ার দেশ থেকে বিদেশে, বিদেশ থেকে দেশে এবং বিদেশ থেকে বিদেশে হস্তান্তরের অনুমোদন, বিদেশ থেকে কোনো কোম্পানির লভ্যাংশ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা। পরামর্শক ফি বিদেশে পাঠানোর অনুমতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত