রিয়ালই বিশ্বসেরা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০৩ এএম

লা লিগায় হোঁচটের পর হোঁচট। শিরোপা ধরে রাখার লড়াইয়ে আপাতত অনেকটাই পেছনে রিয়াল মাদ্রিদ। তবে ক্লাব বিশ্বকাপে তারা ঠিকই নিজেদের মেলে ধরল স্বরূপে। রেকর্ড আরও সমৃদ্ধ করে জিতে নিল আরও একটি ট্রফি। এই শিরোপাই এখন মৌসুমের বাকি সময়টায় দলকে প্রেরণা জোগাবে, বিশ্বাস কোচ কার্লো আনচেলত্তির।

শনিবার মরক্কোর রাবাতের ফাইনালে সৌদি ক্লাব আল হিলালকে ৫-৩ গোলে হারিয়ে আরও একবার ক্লাব বিশ্ব চ্যাম্পিয়ন হয় রিয়াল মাদ্রিদ। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের হয়ে জোড়া গোল করেন ভিনিসিউস জুনিয়র ও ফেদে ভালভার্দে, একটি গোল করেন করিম বেনজেমা। ক্লাব বিশ্বকাপে রিয়ালের পঞ্চম শিরোপা এটি। আর ইন্টারকন্টিনেন্টাল কাপ বিচেনায় নিলে রিয়ালের এটি অষ্টম শিরোপা।

আনচেলত্তি কোচ হিসেবে তিনবার ক্লাব বিশ্বকাপ জিতে স্পর্শ করলেন পেপ গুয়ার্দিওলার রেকর্ড। রিয়ালকে দ্বিতীয়বার এই মর্যাদাপূর্ণ ট্রফি এনে দেওয়ায় ইতালিয়ান কোচ উচ্ছ্বসিত দলের সাফল্যে। ‘আমরা খুবই খুশি। অষ্টমবারের মতো রিয়াল মাদ্রিদ বিশ্ব চ্যাম্পিয়ন। আমরা দারুণ খেলেছি, বিশেষ করে আক্রমণভাগে ছিলাম দুর্দান্ত। ভিনিসিউস, বেনজেমা, ভালভেরদে... সবাই খুব ভালো করছে। তাদের স্কিল ও মান দেখাতে পেরেছে তারা। সব মিলিয়ে দারুণ ছিল।’ তিনি বলেন, ‘মৌসুমের বাকি সব কিছুর জন্য আমাদের প্রেরণা হতে পারে এই শিরোপা। সামনের সময়টা নিয়ে আমরা আত্মবিশ্বাসী। আশা করি, সব টুর্নামেন্টের শেষ পর্যন্ত আমরা লড়ে যাব।’ ২১ ফেব্রুয়ারি লিভারপুলের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত