গাজীপুরের শ্রীপুরে বিএনপির পদযাত্রায় পিস্তল উঁচিয়ে ধরা সেই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মিছিলে প্রদর্শন করা পিস্তলটিও উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার ভোরে বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামের একটি বাড়ি থেকে তাকে এক সহযোগীসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, তার নাম জাহিদ হাসান (২৫) ওরফে উত্তইরা জাহিদ। তার গ্রামের বাড়ি পাশের পাগলা থানার নিগুয়ারি ইউনিয়নের সাদুয়া গ্রামে। তবে দীর্ঘদিন ধরে বরমী বাসস্ট্যান্ডের কেন্দুয়া এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। তার নামে আশপাশের থানায় একাধিক মামলা রয়েছে। ধর্ষণ, নারী নির্যাতন ও ডাকাতি মামলা রয়েছে বলেও শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন।
ওসি আরও বলেন, অস্ত্র উঁচিয়ে ধরা অবস্থায় ছবি ও ভিডিও প্রকাশ হওয়ার পর পুলিশ তাকে (জাহিদ) গ্রেপ্তার করতে ব্যাপক তৎপরতা শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে গাড়ারণ গ্রামের একটি বাড়ি থেকে গতকাল ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য এক ব্যক্তির কাছে রাখা পিস্তলটিও উদ্ধার করা হয়েছে। তার ওই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, জাহিদ ছাত্রদল কর্মী হলেও তার কোনো পদ-পদবি নেই। সে-সহ আরও বেশ কিছু কর্মী ওইদিন পদযাত্রা শেষে বরমীর আ.লীগ অফিসে ভাঙচুর চালিয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বরমী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আমজাদ পন্ডিত বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে ৫৫ জনের নামসহ অজ্ঞাত আরও দেড়শ জনকে আসামি করা হয়েছে। ওই তালিকাতেও জাহিদের নামও রয়েছে।
গত শনিবার বরমী বাজারে বিএনপির পদযাত্রার মিছিলে পিস্তল উঁচিয়ে ধরার ছবি গতকাল কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয় ছবিটি।
