আজ মেসি-নেইমারদের বায়ার্ন-পরীক্ষা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১৫ এএম

নিজেদের সবশেষ দুই ম্যাচে হেরেছে প্যারিস সেন্ট জার্মেই। আজ তাদের আরও বড় পরীক্ষা। পার্ক দ্য প্রিন্সেসে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগে আজ মেসি-নেইমাররা মুখোমুখি হবে প্রতিযোগিতার তৃতীয় সফল দল বায়ার্ন মিউনিখের।

ঘরের মাঠে সবশেষ দেখায় ২০২০-২১ এর কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্নের কাছে ১-০ তে হেরেছিল পিএসজি। তবে বায়ার্নের মাঠে তারা জিতেছিল ৩-২ এ। তাতে দুই লেগ মিলে ৩-৩ সমতা থাকলেও অ্যাওয়ে গোলে জিতে পরের পর্বে গিয়েছিল পিএসজি। এবার অ্যাওয়ে গোলের সুবিধা নেই। তাই প্রতি লেগে জয় পাওয়া এবং গোলে এগিয়ে থাকাটা জরুরি।

পিএসজির দুশ্চিন্তা দুটি। এক তাদের সাম্প্রতিক ফর্ম, দুই কিলিয়ান এমবাপ্পেসহ আরও অনেকের ইনজুরি। গেল ১ ফেব্রুয়ারি এমবাপ্পে বাম উরুর ইনজুরিতে পড়ার পর জানা গিয়েছিল তার সেরে উঠতে তিন সপ্তাহ সময় লাগবে। ১২ দিন পর গতকাল দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গেছে তাকে। ২২ জনের স্কোয়াডে রাখা হয়েছে এমবাপ্পেকে। তবে শেষ পর্যন্ত তিনি খেলেন কিনা সেটি দেখার বিষয়।  বায়ার্ন মিউনিখের কোচ নাগেলসমান অবশ্য এমবাপ্পের ইনজুরির খবর শোনার পরই বলেছিলেন, এমবাপ্পে দলে আছেন ভেবেই ছক সাজাবেন। সে সময় বলেন, ‘আমার মনে হয় না সে খেলতে পারবে না। ধরে নিচ্ছি সে খেলবে।’

পিএসজি সবশেষ লিগ ম্যাচে হেরেছে মোনাকোর কাছে। সেই ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ছিলেন না মেসি। তবে এই ম্যাচে মেসি খেলবেন তা মোনাকো ম্যাচের পরও জানিয়েছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ে। পেটের পীড়ায় পড়া সার্জিও রামোস, আশরাফ হাকিমি সেদিন খেলেছিলেন দ্বিতীয়ার্ধে। শেষ পর্যন্ত পিএসজি তাদের সেরা একাদশ নিয়ে মাঠে নামতে পারে নাকি তা হবে দেখার বিষয়। মুখোমুখি লড়াইয়ে ৬-৫ এ এগিয়ে থাকলে সর্বশেষ পাঁচ ম্যাচের তিনটি জিতেছে বায়ার্ন, দুটি পিএসজি। বায়ার্ন মিউনিখ শেষ ষোলোর অ্যাওয়ে ম্যাচ হারেনি গেল এক দশকে (জয় ৬টি, ড্র ৪টি)।

এবার চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে দ্বিতীয় হয়েছে পিএসজি। এইচ গ্রুপে সমান ১৪ পয়েন্ট ছিল পিএসজি ও বেনফিকার। তবে বেনফিকার অ্যাওয়ে গোল বেশি হওয়ায় তারা গ্রুপসেরা হয়। আর বায়ার্ন মিউনিখ সি গ্রুপ থেকে সব ম্যাচ জিতে গ্রুপসেরা হয়। বাভারিয়ানদের গ্রুপে ছিল ইন্তার মিলান, বার্সেলোনার মতো ক্লাব। ২০১৯-২০ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে বায়ার্নের কাছেই হেরেছিল পিএসজি। এরপর পিএসজি ২০২০-২১ মৌসুমের কোয়ার্টারে বায়ার্নকে তাদের মাঠেই হারিয়েছিল। তাই এ ম্যাচে প্রতিশোধের কোনো বিষয় বলতে গেলে নেই। তবে ব্যক্তিগতভাবে প্রতিশোধ নেওয়া তো হতেই পারে! লিওনেল মেসি এখন পিএসজিতে। তিনি হয়তো ভুলে যাননি বার্সায়

থাকতে ২০১৯-২০ এর কোয়ার্টার ফাইনালে বায়ার্নের কাছে দলের ৮-২ গোলে হারের কথা। এরপর বায়ার্নের সঙ্গে বার্সার দেখা হলেও মেসি ছিলেন না কাতালান ক্লাবটিতে। ২০২১-২২ এ মেসি চলে আসেন পিএসজিতে। তাই এবার পিএসজির হয়ে বায়ার্নের বিপক্ষে ম্যাচ জিততে চাইবেন মেসি।

ব্যক্তিগত একটা লড়াইও হচ্ছে মেসির এ ম্যাচে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের ম্যাচে পুরোটা সময় ফ্রান্সের উপামেকানো আটকানোর চেষ্টা করেছিলেন বিশ্বজয়ীকে। ১২০ মিনিটে ৩-৩ সমতা ছিল সে ফাইনাল। আজ আবার মেসির বিপক্ষে খেলার বিষয় নিয়ে ফরাসি ডিফেন্ডার বলেছেন, ‘মেসি বিশেষ একজন খেলোয়াড়। তবে সে আর্জেন্টিনার হয়ে খেলুক বা পিএসজির হয়ে, আমাদের শুধু তার জন্য প্রস্তুতি নিলে চলবে না। প্যারিস (পিএসজি) দারুণ এক দল যাদের আরও স্ট্রাইকার আছে।’

ইনজুরি সমস্যা আছে বায়ার্ন মিউনিখ শিবিরেও। লুকাস হার্নান্দেজ, সাদিও মানে ইনজুরির কারণে এখনো দলের বাইরে। তবে জসুয়া কিমিখ ফিরতে পারেন। বায়ার্নের গোলবারের নিচে থাকবেন ইয়ান সমের। জানুয়ারির দলবদলে তিনি বায়ার্নে যোগ দেন মানুয়েল নয়্যার ইনজুরিতে পড়ায়।

বায়ার্ন সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ ড্রয়ের পর শেষ তিন ম্যাচে জয় পেয়েছে। সবশেষ বচুমের বিপক্ষে বুন্দেসলিগাতে তারা জয় পায় ৩-০ তে। তবু ওই ম্যাচ শেষে বায়ার্ন কোচ বলেছিলেন, দলের খেলায় তিনি সন্তুষ্ট নন। এমন খেললে পিএসজিকে হারানো যাবে না।

আজ রাতেই অপর ম্যাচে এসি মিলানের মাঠে খেলবে টটেনহাম। এবার চ্যাম্পিয়নস লিগে মিলান ‘ই’ গ্রপ থেকে রানার্সআপ হয়। টটেনহাম হয় ‘ডি’ গ্রুপ সেরা। মিলান সব প্রতিযোগিতা মিলিয়ে অষ্টম ম্যাচে এসে জয় পায় গেল শুক্রবার। সিরি আ’তে তারা আছে পাঁচ নম্বরে। আর টটেনহাম সবশেষ লিগ ম্যাচে লেস্টার সিটির কাছে হেরেছে ৪-১ গোলে। ইপিএলে তারাও আছে পাঁচ নম্বরে। চ্যাম্পিয়নস লিগে সবশেষ ২০১১-তে মিলানের মাঠে গিয়ে ১-০ তে জিতেছিল টটেনহাম। টটেনহামের মাঠে ফিরতি লেগ হয়েছিল গোলশূন্য ড্র। সবশেষ ২০১৮-তে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে টটেনহাম হারিয়েছিল মিলানকে।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত