বিপিএলে ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে ধূমপানের ঘটনায় শাস্তি পেলেন খুলনা টাইগার্সের কোচ খালেদ মাহমুদ সুজন। ক্রিকেটের চেতনাবিরোধী কাজের জন্য ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। পাশাপাশি দেওয়া হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট। জাতীয় দলের সাবেক অধিনায়ক সুজন একই সঙ্গে বিসিবির পরিচালকও। জাতীয় দলের টিম ডিরেক্টরের দায়িত্বও তার কাঁধে।
ঘটনা গত শুক্রবারের। লিগ পর্বের শেষ ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছিল খুলনা। ম্যাচটা ৬ উইকেটে জিতে নেয় দলটি। দলটার জয় নিশ্চিত হওয়ার ঠিক আগ মুহূর্তে ওই ঘটনা ঘটে। ২০তম ওভারে ব্যাট করছিলেন মাহমুদুল হাসান জয় ও হাবিবুর রহমান সোহান এমন সময় খানিক সময়ের জন্য খুলনার ড্রেসিংরুমের দৃশ্য দেখাচ্ছিল টিভি ক্যামেরা। আর সেখানেই দেখা যায় ধূমপান করছেন সুজন। খেলা চলাকালে ক্রিকেট মাঠে যা সম্পূর্ণ নিষিদ্ধ।
এদিকে, রবিবার রংপুর রাইডার্সের শেখ মেহেদী হাসান, নিকোলাস পুরান ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোসাদ্দেক হোসেনকে জরিমানার কথা জানিয়েছে বিসিবি। মেহেদীর ঘটনাটা বরিশালকে এলিমিনেটরে বিদায় করে দেওয়া ম্যাচে। তার ব্যাটিংয়ে রংপুরের জয় নিশ্চিতের পর ছুটতে ছুটতে হেলমেট খুলে তা ব্যাট দিয়ে আঘাত করেন। এই অপরাধে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানার সঙ্গে ১টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাকে।
