সাবেক মেয়রের কাঁটাতারে অবরুদ্ধ পরিবার

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪০ এএম

মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার সাবেক মেয়র খোরশেদ আলম ভূইয়ার বিরুদ্ধে সরকারি রাস্তা কেটে সেখানে কাঁটাতারের বেড়া দিয়ে একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সিরাজুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার, থানা ও বর্তমান মেয়রের কার্যালয়ে ধরনা দিয়েও প্রতিকার পাচ্ছেন না বলে দাবি করেছেন গণমাধ্যমকর্মীদের কাছে। যদিও পৌর বিএনপির বর্তমান সভাপতি ও দুই বারের সাবেক মেয়র খোরশেদ আলমের ভাষ্য, রাস্তার পাশে থাকা নিজের জমির মাটি কেটেই বেড়া দিয়েছেন তিনি। 

গতকাল সোমবার পৌর এলাকার বিনোদপুর মহল্লায় গিয়ে দেখা যায়, সিরাজুল ইসলামের টিনের বাড়ির পাশের রাস্তা থেকে মাটি কেটে ফেলা হয়েছে। ভেঙে ফেলা হয়েছে বাড়িটির সীমানা প্রাচীরও।রাস্তার পাশে দেওয়া হয়ে কাঁটাতারের বেড়া। ওই বাড়িতে যারা থাকেন তারা সরাসরি রাস্তায় যাওয়া-আসা করতে পারছেন না। 

সিরাজুল ইসলাম বলেন, কয়েক বছর আগে এখানে ২০ শতাংশ জমি কিনে টিনের ঘর নির্মাণ করে ভাড়া দিই। পরবর্তী সময়ে পৌরসভা থেকে প্ল্যান অনুমোদন নিয়ে বিল্ডিংয়ের কাজ শুরু করলে সাবেক মেয়র বাধা দেন। অজ্ঞাত কারণে গত ২৮ জানুয়ারি তিনি শতাধিক লোকজন ও ভেকু (এস্কেভেটর) দিয়ে আমার বাড়ির সামনে সরকারি রাস্তা কেটে ফেলেন ও বাড়ির সীমানা প্রাচীর গুঁড়িয়ে দেন। পরে কাঁটাতারের বেড়া দিয়ে রুদ্ধ করে দেওয়া হয় বাড়িতে যাতায়াতের পথও। তার দাবি, শুধু রাস্তা বন্ধ করে দিয়েই থেমে যাননি তিনি। কেটে দেওয়া হয়েছে তার বাড়ির বিদ্যুতের লাইনটিও। অথচ এসব অভিযোগ নিয়ে বিভিন্ন জায়গার ধরনা দিয়েও কোনো লাভ হচ্ছে না। 

সিরাজুল ইসলাম বলেন, প্রশাসনের লোকজন উল্টো আমাকেই শাসায়। সরকারদলীয় লোকজন তাকে প্রশ্রয় দেওয়ায় আমি বিচার পাচ্ছি না। 

তবে অভিযুক্ত খোরশেদ আলম ভূইয়া বলেন, সরকারি রাস্তার উত্তর পাশে আমার ১০ শতাংশ জমি রয়েছে। আমার জায়গাতেই আমি মাটি কেটে কাঁটাতারের বেড়া দিয়েছি।

সিংগাইর পৌরসভার মেয়র আবু নাঈম মো. বাশার বলেন, প্রত্যেক নাগরিকের সরকারি রাস্তা দিয়ে চলাচলের অধিকার রয়েছে। সাবেক মেয়রের এমন কর্মকাণ্ডের নিন্দা জানাই।

মানিকগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির সিংগাইর জোনাল অফিসের ডিজিএম সফিকুল ইসলাম বলেন, ওই জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে মিটার উল্টে ছিলÑ এমন সংবাদের ভিত্তিতে বিচ্ছিন্ন করা হয়েছে। পরবর্তী সময়ে সাবেক মেয়রের অভিযোগের ভিত্তিতে সংযোগ দেওয়া হয়নি। স্থানীয়ভাবে নিষ্পত্তির কথা বলা হয়েছে।

সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। রাস্তার ঢাল কেটে ও কাঁটাতারের বেড়া দিয়ে সাবেক মেয়র যে কাজটি করেছেন সেটা অবশ্যই দৃষ্টিকটু। আমি তাকে বেড়া সরিয়ে দিতে বলেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত