রাজধানীতে মেট্রোরেলের প্রকৌশলী নিখোঁজ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪৮ এএম

ঢাকায় মেট্রোরেলের এমআরটি লাইন-৬ প্রকল্পের প্রকৌশলী শাহরিয়ার কবিরের খোঁজ পাওয়া যাচ্ছে না। তার সন্ধানে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে গতকাল সোমবার রাত ১০টা পর্যন্ত শাহরিয়ারের কোনো সন্ধান পায়নি পুলিশ।

গত রবিবার বিকেলে মেট্রোরেলের উত্তরা ডিপো অফিস থেকে বের হয়ে নিখোঁজ হন শাহরিয়ার। এ ঘটনায় রাজধানীর তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার মা রাশিদা আক্তার সাহান।

পুলিশের তদন্তসংশ্লিষ্টরা বলছেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে ঘটনার দিন বিকেল সাড়ে ৫টার দিকে মেট্রোরেলের উত্তরা ডিপো অফিস থেকে বেরিয়ে যান শাহরিয়ার। ফুটেজে তাকে সর্বশেষ হেঁটে মেট্রোরেলের ডিপোর দিকে যেতে দেখা গেছে। 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) তড়িৎ কৌশলে পড়াশোনা করেছেন শাহরিয়ার। লালবাগের আজিমপুর টাওয়ারে মায়ের সঙ্গে থাকতেন। তাদের বাড়ি রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা রানীবাজার এলাকায়।

শাহরিয়ার কবিরের মা রাশিদা আক্তার বলেন, আমরা ১৩ বছর ধরে আজিমপুরে থাকি। রবিবার সকাল সাড়ে ৭টায় অফিসের গাড়ি এসেছিল বাসার নিচে। কোনো রকম রুটি খেয়েই দৌড় দেয় শাহরিয়ার। এরপর বিকেলে অফিস থেকে বের হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। অফিস থেকে বের হলেও সঙ্গে থাকা মোবাইল, ল্যাপটপ ও ব্যাগ কিছুই নেয়নি।  নিখোঁজ জিডির তদন্ত কর্মকর্তা তুরাগ থানার এসআই রেজাউর রহমান দেশ রূপান্তরকে বলেন, অফিসের সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে শাহরিয়ার কবির তার অফিসকক্ষ থেকে একা হেঁটে বের হন। অফিসকক্ষে তিনি তার নিজের মোবাইল ও ল্যাপটপটিও রেখে যান। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ ও মোবাইল ফোনে কার কার সঙ্গে কথা বলেছেন, তা বিশ্লেষণ করে তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত