আজ ১৪ই ফেব্রুয়ারী বিশ্ব ভালবাসা দিবস ও পহেলা ফাল্গুন। বিশেষ এই দিনটি আবার গান পাগল মানুষদের জন্য আরো একটু বিশেষ। কারণ আজ সংগীতশিল্পী শাফিন আহমেদের জন্মদিন। বাংলা রক সংগীত কিংবা ব্যান্ড সংগীত যাই বলা হোক না কেন এই শব্দগুলির মাঝেই শাফিন আহমেদের নামটি জড়িয়ে আছে।
জন্মদিন উপলক্ষ্যে বিশেষ কোনো আয়োজন নেই তার। পরিবারের সদস্যদের নিয়েই দিনটি উদযাপন করছেন তিনি। এ প্রসঙ্গে শাফিন আহমেদ বলেন, ‘আজ একটি বিশেষ দিন। বিশ্ব ভালোবাসা দিবস, সাথে পহেলা ফাল্গুন। আমার জন্মদিন উদযাপন বাদে ও দিনটিতে করবার মতো অনেক কিছুই আছে। হিংসা বিদ্বেষ সরিয়ে রেখে মানুষ একে অপরকে ভালবাসুক এটাই আমার কামনা।’
এই বিশেষ দিনে ভক্তদেরকে স্মরণ করে তাদের প্রতি আন্তরিক ভালবাসা ও শুভেচ্ছা জানান এই গায়ক।
কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক কমল দাশগুপ্ত এবং সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম দম্পতির পুত্রসন্তান শাফিন আহমেদ ছোট বেলা থেকেই গানের ভেতর বড় হন। বাবার কাছে কিছুদিন উচ্চাঙ্গসঙ্গীত, মায়ের কাছ থেকে নজরুল সংগীত শেখেন এবং নিজের প্রচেষ্টায় পাশ্চাত্য সংগীত শেখেন। এরপর পড়াশুনার সুবাদে ইংল্যান্ডে পাড়ি জমান।
শান্তশিষ্ট শৈশব, দুরন্ত কৈশোর এর পাশাপাশি একজন সংগীতপ্রেমী হিসেবেই শাফিন আহমেদের বেড়ে ওঠা। এরপর থেকেই তৎকালীন বহু জনপ্রিয় ইংরেজি গান কাভার করা শুরু করেন এবং ব্যান্ড মিউজিক গড়ে তোলার ব্যাপারে সক্রিয় হন। প্রথম ব্যান্ড বারক এবং পরবর্তীতে ঐতিহাসিক মাইলস ব্যান্ডকে দেশে এবং দেশের বাইরে জনপ্রিয় করে তোলেন।
