দিনাজপুরে দুই ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০১ পিএম

দিনাজপুরের নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল নম্বর দুটি ক্লোন করেছে একটি অসাধু চক্র। গতকাল মঙ্গলবার বিকেলে দুই উপজেলার নির্বাহী কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আশিক রেজা বলেন, ‘সকালে আমার উপজেলার গোপালগঞ্জ ও ভাদুরিয়া ইউনিয়নের সচিবের কাছে জানতে পারি বিষয়টি। সচিবদের নম্বরটি থেকে ফোন দিয়ে অপর প্রান্তের ব্যক্তি চুপ করে ছিল। কোনো কথা বলেনি। এই বিষয়ে সর্তকবার্তা প্রচার করা হয়েছে। থানার ওসিকে জানিয়েছি।’

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম বলেন, ‘উপজেলার বুলাকীপুর ইউনিয়নের সচিব এবং সিংড়া, ঘোড়াঘাট ও পালাশা ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি জানতে পারি। কোনো এক অসাধু চক্র নম্বরটি ক্লোন করে ইউপি সচিব ও চেয়ারম্যানদের বলেছে, ‘চিঠি আছে’। তারা আমার গলা চেনেন। ফলে তারা জানতে চেয়েছিল, ‘আপনি কে?’। এ সময় চক্রটি ফোন কেটে দেয়। পরে বিষয়টি আমাকে অবগত করেন। আমি বিষয়টি থানার ওসিকে জানিয়েছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত