ভালোবাসা দিবসে ঘুরতে গিয়ে প্রাণ গেল ছাত্রের

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৪৯ এএম

মাগুরায় ভালোবাসা দিবসে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে আবির হোসেন নিরব (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা জোতপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাগুরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, মাগুরা শহর থেকে ইছাখাদা জোতপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ করতে না পেরে নিরব রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা খায়। এতে মাথায় আঘাত লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা প্রান্ত নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। নিরব শহরের কলেজপাড়ায় বসবাসরত আলমগীর হোসেনের ছেলে। সে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিল।

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ২: গাইবান্ধায় সাঘাটা উপজেলার ভরতখালি ইউনিয়নের বটতলা এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী জাহিদ হাসান (৩৩) ও আবদুল ওয়াহেদ (৫৯) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার বিকেলে গাইবান্ধা-সাঘাটা সড়কের বটতলার পোড়াগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ হাসানের বাড়ি ফুলছড়ি উপজেলার পূর্ব উদাখালী এবং আবদুল ওয়াহেদের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার কুমারগাড়ি গ্রামে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, জাহিদ ও ওয়াহেদ মিয়া গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে মোটরসাইকেলে করে সদর উপজেলার বাদিয়াখালী বাজার থেকে সাঘাটা উপজেলার ভরতখালির দিকে যাচ্ছিলেন। ৫টার দিকে বটতলা পোড়াগ্রাম এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ফাঁকা ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে ওই দুইজন মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঘাটা থানার ওসি রাজু সরকার জানান, ট্রাকসহ চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত